মিটিং শেষে পাটোয়ারীর গালি খেয়েও ক্ষুব্ধ নন সিইসি!
- সর্বশেষ আপডেট ০৪:২৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / 39
মিটিং শেষ করে বাইরে গিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারীর কড়া মন্তব্য ও গালির ঘটনায় কোনো ক্ষোভ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ব্যক্তিগতভাবে তিনি পাটোয়ারীর বক্তব্যকে ভিন্নভাবে নেন না।
সোমবার (১৮ মে) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে আরএফইডির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, মিটিং শেষ হওয়ার পর বাইরে গিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারী আমাদের উদ্দেশে গালিগালাজ করেছেন, তবে এতে আমরা একেবারেই ক্ষুব্ধ নই। ব্যক্তিগতভাবে তিনি পাটোয়ারীকে পছন্দ করেন বলেও উল্লেখ করেন এবং বলেন, তিনি সরাসরি কথা বলেন—এ ধরনের আচরণে তারা অভ্যস্ত।
এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারী নির্বাচন কমিশনের সমালোচনা করে অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং কমিশন রাজনৈতিক প্রভাবের মধ্যে টিকে আছে। তিনি স্থানীয় সরকার নির্বাচন স্বচ্ছ না হলে আন্দোলনের হুঁশিয়ারিও দেন।
এ প্রসঙ্গে সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা প্রয়োজন। দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন এবং সবাইকে আলোচনায় বসার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বিভিন্ন দল থেকে মনোনয়ন প্রক্রিয়া কমিশনের জন্য চাপ তৈরি করছে। তবে নির্বাচন সংস্কৃতি উন্নত করতে রাজনৈতিক সমঝোতা জরুরি।
সিইসি জানান, সিস্টেমের দুর্বলতা থাকলে আলোচনার মাধ্যমে তা সমাধান করা হবে। বিধি সংশোধন ও সরকারের সঙ্গে সমন্বয় করে স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বিগত সরকারের কর্মকর্তাদের সবাইকে বাদ দেওয়া হলে নির্বাচন আয়োজন সম্ভব হতো না। তাই সমন্বয়ের মাধ্যমে সবাইকে নিয়েই নির্বাচন সম্পন্ন করা হয়েছে।


































