পানি ও স্যানিটেশন উন্নয়নে সরকারের পাশে ইউনিসেফ
- সর্বশেষ আপডেট ০৮:১১:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / 42
পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি খাতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে ইউনিসেফ। সংস্থাটি টেকসই উন্নয়ন ও পরিষ্কার পানির সুবিধা বাড়াতে সরকারের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে।
সোমবার (১৮ মে) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইউনিসেফের ওয়াটার অ্যান্ড স্যানিটেশন বিভাগের প্রধান পিটার জর্জ এল মেস সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠকে উভয় পক্ষ পানি, পয়ঃনিষ্কাশন, স্বাস্থ্যবিধি এবং পল্লী উন্নয়ন খাতে চলমান সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন।
মন্ত্রী ইউনিসেফের দীর্ঘদিনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশে বিশেষ করে ঢাকায় পানি সংকট ক্রমেই বাড়ছে। বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা নদীর পানি বিশুদ্ধকরণ এখন জরুরি হয়ে উঠেছে।
তিনি আরও বলেন, দেশের অনেক মানুষ এখনো নিরাপদ পানির সুবিধা থেকে বঞ্চিত। এ সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে তিনি মত দেন এবং ইউনিসেফকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
ইউনিসেফ প্রতিনিধিরা ভবিষ্যতেও বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
সাক্ষাতে স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


































