মিড-ডে মিলে স্বচ্ছতা নিশ্চিতে ‘গার্ডিয়ান কমিটি’ গঠনের নির্দেশ
- সর্বশেষ আপডেট ০৮:০০:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / 35
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল কর্মসূচিতে অনিয়ম ও মানহীনতা বরদাশত করা হবে না বলে সতর্ক করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি শিক্ষার্থীদের নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে বিদ্যালয় পর্যায়ে মায়েদের সম্পৃক্ত করে ‘গার্ডিয়ান কমিটি’ গঠনের নির্দেশ দিয়েছেন।
সোমবার (১৮ মে) মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত জরুরি সভায় প্রতিমন্ত্রী এ নির্দেশনা দেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন মাধ্যমে মিড-ডে মিল কর্মসূচিতে অনিয়মের অভিযোগ প্রকাশের পর এই বৈঠক ডাকা হয়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের জন্য নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাবার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। কোনো ধরনের গাফিলতি বা অনিয়ম সহ্য করা হবে না বলেও তিনি স্পষ্ট করেন।
সভায় প্রতিমন্ত্রী পাঁচ দফা নির্দেশনা দেন। এর মধ্যে রয়েছে অনুমোদিত প্যাকেজিং অনুসরণ, সরবরাহ ব্যবস্থায় পরিচয় যাচাই বাধ্যতামূলক করা, সাব-কন্ট্রাক্ট নিষিদ্ধ করা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত আকস্মিক পরিদর্শন।
এছাড়া বিদ্যালয় পর্যায়ে পাঁচ সদস্যের ‘গার্ডিয়ান কমিটি’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির একজন সদস্য এবং তিনজন অভিভাবক মা অন্তর্ভুক্ত থাকবেন। এই কমিটি খাদ্যের মান তদারকিতে সরাসরি ভূমিকা রাখবে।
প্রতিমন্ত্রী আরও জানান, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সভায় মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

































