চিংড়ি মাছে জেলী, আড়তদারকে জরিমানা
- সর্বশেষ আপডেট ০৯:১৬:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / 49
নরসিংদীতে চিংড়ি মাছে অবৈধভাবে জেলী মিশিয়ে বিক্রির অভিযোগে এক পাইকারী ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১২৩ কেজি ভেজাল চিংড়ি মাছ জব্দ করে ধ্বংস করা হয়।
সোমবার (১৮ মে) সকাল ৬টায় নরসিংদী সদর উপজেলার বৌয়াকুড় এমপি মার্কেট এলাকার মাছের আড়তে এ অভিযান চালানো হয়।
জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ী পরিমল দাস বৌয়াকুড় এলাকার বাসিন্দা। তার বাবার নাম ভরকা কান্ত দাস।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানে ১২৩ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়, যেগুলোতে অবৈধভাবে জেলী প্রবেশ করানো হয়েছিল। পরে জনসম্মুখে মাছগুলো ধ্বংস করা হয়।
মৎস ও মৎসপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০-এর ৩১(১) ধারা অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রসিকিউশন ও সার্বিক সহযোগিতা করেন সদর উপজেলা মৎস কর্মকর্তা।
অভিযানে নেতৃত্ব দেন নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান। তিনি বলেন, খাদ্যে ভেজাল ও প্রতারণা ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং জনস্বার্থে তা অব্যাহত থাকবে।
অভিযানে র্যাব-১১ সিপিএসসি নরসিংদী ও জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে সাধারণ মানুষ খাদ্যে ভেজাল রোধে নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।



































