মদ-নারী ব্যবসায় প্রত্যাহার পুলিশের অতিরিক্ত ডিআইজি
- সর্বশেষ আপডেট ০৭:৫৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
- / 74
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাড়িতে অভিযান চালিয়ে ৮৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তিদের মধ্যে ৫৮ জন তরুণ ও ২৬ জন তরুণী রয়েছেন। এ ঘটনার পর আবদুল্লাহ আল জহিরকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের এক অফিস আদেশে তাঁর প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকার পিওএইচএস-১ হাউজিংয়ে পুলিশ ফাঁড়ির পাশে অবস্থিত আড়াইতলা একটি ভবনে সোমবার রাতে অভিযান শুরু করে ডিবি। মঙ্গলবার দুপুর পর্যন্ত অভিযান চলে। এ সময় ৮৪ জনকে আটক করার পাশাপাশি বাড়িটি থেকে মদ, সিনথেটিক মাদক, সিসা ও বিয়ার উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম বলেন, অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির বাড়িটি ভাড়া দিয়েছিলেন। সেখানে দীর্ঘদিন ধরে মাদক গ্রহণ ও অবৈধ ডিজে পার্টি চলার তথ্য পাওয়ায় অভিযান চালানো হয়।
ডিএমপির গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) ইলিয়াস কবির জানান, অনলাইন প্ল্যাটফর্ম এয়ারবিএনবির মাধ্যমে বাড়িটির বিভিন্ন কক্ষ ভাড়া দেওয়া হতো। দেশের বিভিন্ন এলাকা থেকে তরুণ-তরুণীরা অনলাইনে কক্ষ বুকিং দিয়ে সেখানে আয়োজিত পার্টিতে অংশ নিতেন। এসব পার্টি থেকে আয়ের একটি বড় অংশ অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির ও তাঁর স্টাফরা পেতেন বলে জানান তিনি।
ইলিয়াস কবির আরও বলেন, একজন হোস্ট ও একজন কো-হোস্টের মাধ্যমে বাড়িটির কার্যক্রম পরিচালিত হতো। এ ঘটনায় কো-হোস্ট মাহবুবুল আলমকে আটক করা হয়েছে।
আবদুল্লাহ আল জহির পুলিশ সদর দপ্তরের মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত ছিলেন। তাঁর ভাড়া দেওয়া বাড়িতে অভিযান ও প্রত্যাহারের বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।






























