বিশ্বকাপ শেষে কি করবেন জানালেন নেইমার
- সর্বশেষ আপডেট ০৪:৪৩:২৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / 60
২০২৬ বিশ্বকাপের দলে জায়গা না পেলে কী করবেন—এ প্রশ্নের জবাব দিয়েছেন ব্রাজিল তারকা নেইমার জুনিয়র। তিনি জানিয়েছেন, সিদ্ধান্ত কোচ কার্লো আনচেলত্তির ওপর নির্ভর করছে এবং বাদ পড়লেও তিনি জাতীয় দলের একজন সমর্থক হিসেবেই পাশে থাকবেন।
সোমবার (১৮ মে) রিও ডি জেনেইরোর মিউজিয়াম অব টমোরোতে স্থানীয় সময় বিকেল ৫টায় ব্রাজিলের ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করবেন কোচ আনচেলত্তি। এই তালিকাকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা চলছে নেইমারকে নিয়ে।
হাঁটুর গুরুতর চোট ও অস্ত্রোপচারের পর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। ধীরে ধীরে ফিরলেও তার ফিটনেস ও ফর্ম নিয়ে এখনো প্রশ্ন রয়েছে। আনচেলত্তি আগেই জানিয়েছেন, পুরোপুরি ফিট না হলে দলে সুযোগ মিলবে না।
সান্তোসের হয়ে ম্যাচ শেষে নেইমার বলেন, দলে থাকা না থাকা সম্পূর্ণ কোচের সিদ্ধান্ত। তিনি নিজের সাধ্যমতো চেষ্টা করেছেন। ডাক না পেলে হতাশ না হয়ে গ্যালারি থেকে ব্রাজিলকে সমর্থন করবেন বলেও জানান তিনি।
অন্যদিকে আনচেলত্তি এক সাক্ষাৎকারে নেইমারের ভূমিকা নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। তিনি বলেন, নেইমার কেবল সমর্থকদের কাছেই নয়, সতীর্থদের কাছেও গুরুত্বপূর্ণ। ড্রেসিংরুমে তার উপস্থিতি দলের জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
এখন অপেক্ষা কেবল আনচেলত্তির চূড়ান্ত তালিকার। সেখানে নেইমার থাকবেন কি না, সেটিই হয়ে উঠেছে বড় প্রশ্ন।





































