বিলুপ্তির পথে র্যাব, গঠিত হচ্ছে নতুন এলিট ফোর্স
- সর্বশেষ আপডেট ০৩:০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / 17
যুক্তরাষ্ট্রের স্যাংশন এড়াতে র্যাবের জন্য নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে বাহিনীটির নাম পরিবর্তন বা নতুন এলিট ফোর্স গঠনের বিষয়ও বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, মানবাধিকার, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করেই ভবিষ্যতে এলিট বাহিনী পরিচালিত হবে।
সোমবার (১৮ মে) দুপুরে র্যাব সদর দফতরে বাহিনীটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, বর্তমানে র্যাব যে আইনে পরিচালিত হচ্ছে তা মূলত আর্মড পুলিশ ব্যাটালিয়নের কিছু ধারা নির্ভর একটি অস্থায়ী কাঠামো। এভাবে দীর্ঘদিন কোনো বাহিনী পরিচালনা সঠিক হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
সালাউদ্দিন আহমদ বলেন, নতুন আইনের আওতায় একটি এলিট ফোর্স থাকবে। র্যাবের নাম পরিবর্তন করা হবে নাকি নতুন বাহিনী গঠন করা হবে—সেটি এখনো সরকারের বিবেচনায় রয়েছে। তবে যে কাঠামোই হোক, সেখানে কর্তৃত্ব, দায়িত্ব, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা হবে।
তিনি বলেন, র্যাবের কিছু কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে পুরো প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। ফ্যাসিবাদী শাসনামলে পুলিশ, র্যাব, বিজিবিসহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে কয়েকজন কর্মকর্তার দায় পুরো প্রতিষ্ঠানের ওপর বর্তায় না উল্লেখ করে তিনি বলেন, অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে নিজ নিজ আইনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে সময়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তখন বাহিনীটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল। শেখ হাসিনার সরকার একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, সরকার যদি নতুন নামে বা নতুন কাঠামোয় একটি এলিট ফোর্স গঠন করে, তাহলে যুক্তরাষ্ট্র বিষয়টি পুনর্বিবেচনা করতে পারে বলে আশা করা যায়।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নতুন আইনের খসড়া তৈরির জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। বিশেষজ্ঞরা কাজ করছেন এবং তিনি নিজেও পুরো প্রক্রিয়া তদারকি করবেন। নতুন আইনে বাহিনীর ক্ষমতা, দায়িত্ব ও জবাবদিহিতার বিষয়গুলো স্পষ্টভাবে নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।





































