বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১, যা বললেন অভিনেত্রী
- সর্বশেষ আপডেট ০৯:৩৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / 26
অভিনেত্রী আজমেরী হক বাঁধনের বাসায় গিয়ে তার ও পরিবারের সদস্যদের খোঁজ নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। মঙ্গলবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন বাঁধন।
ফেসবুকে দেওয়া পোস্টে বাঁধন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তার ও পরিবারের খোঁজ নিতে বাসায় এসেছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে তোলা একটি ছবিও প্রকাশ করেন তিনি।
বাঁধন লেখেন, ‘আজ (মঙ্গলবার) আমার ও আমার পরিবারের খোঁজ নিতে আমাদের বাসায় এসেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমায়ুন কবির সাহেব। তাঁর এই আন্তরিকতা, সৌজন্য এবং দায়িত্বশীলতার জন্য আমি গভীরভাবে সম্মানিত ও কৃতজ্ঞ।’
তিনি আরও বলেন, ‘এই কঠিন সময়ে রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ আমাকে ব্যক্তিগতভাবে যেমন আশ্বস্ত করেছে, তেমনি একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমার আস্থাকেও আরও দৃঢ় করেছে।’
বাঁধনের ভাষ্য, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি তার জনগণ। নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার রক্ষায় রাষ্ট্র দায়িত্বশীল ভূমিকা পালন করলে রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় হয়।
ইতালিতে সাম্প্রতিক হেনস্তার ঘটনার প্রসঙ্গ টেনে অভিনেত্রী বাংলাদেশ সরকার, সরকারপ্রধান, বাংলাদেশ দূতাবাস, ইতালির সরকার ও পুলিশ বিভাগসহ দেশে-বিদেশে যারা তার পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
বাঁধন লেখেন, ‘এই অভিজ্ঞতা আমাকে আবারও মনে করিয়ে দিয়েছে; অন্যায়, ভয় ও বিভাজনের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় শক্তি হলো ঐক্য, সাহস এবং মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ।’
তিনি আরও বলেন, মতের পার্থক্য থাকতেই পারে, তবে একজন নাগরিকের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিয়ে কোনো আপস হতে পারে না। নিরাপদ, মর্যাদাপূর্ণ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
সম্প্রতি রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালি যান আজমেরী হক বাঁধন। গত ৭ সেপ্টেম্বর রাতে ইতালির মেস্ত্রে এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে অবস্থানের সময় একদল প্রবাসী বাংলাদেশি তাকে হেনস্তা ও হামলা করেছে বলে অভিযোগ করেন তিনি।
ওই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে কয়েকজনের সঙ্গে বাঁধনের উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়। পরে তিনি স্থানীয় থানায় অভিযোগ করেন। ঘটনার ভিডিও ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা শুরু করে ইতালির পুলিশ।































