বাঁধন ইস্যুতে সংসদে সরব পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১
- সর্বশেষ আপডেট ০৭:৫৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / 63
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িতদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনটি পরিচালিত হয়।
সংসদে দেওয়া নিজের প্রথম বক্তব্যের শুরুতেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নিহত ও আহত জুলাই যোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১। তিনি বলেন, জুলাই আন্দোলনের একজন যোদ্ধার ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপরও আঘাত।
হুমায়ুন কবির বলেন, ভেনিসে বাঁধনের ওপর যে হামলা হয়েছে, সেটিকে সাধারণ কোনো ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। দেশের একজন প্রথিতযশা অভিনেত্রী ও জুলাই আন্দোলনের একজন যোদ্ধার ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় ও বর্বর।
ঘটনার পরপরই ইতালির পুলিশ কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করতে পররাষ্ট্র সচিবকে নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানান তিনি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও ভেনিস ও মেস্ত্রে শহরের স্থানীয় পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে বলে সংসদকে জানান প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, রোমে বাংলাদেশ দূতাবাস এবং মিলানে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল বাঁধনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তাকে প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দেওয়া হচ্ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাঁধন ইতোমধ্যে হামলার ঘটনায় ইতালির পুলিশ ও বাংলাদেশ দূতাবাসে আনুষ্ঠানিক অভিযোগ করেছেন। বাংলাদেশ দূতাবাস ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ঘটনাটির জোরালো প্রতিবাদ জানাবে বলেও তিনি উল্লেখ করেন।
বাঁধনের ওপর হামলার প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ‘একজন জুলাই যোদ্ধার ওপর হামলা মানেই এই দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা।’
তিনি বলেন, বিদেশে অবস্থান করে যারা দেশের সম্পদ লুটপাট ও বিভিন্ন অপকর্মে জড়িত, তাদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় নিতে সরকার সর্বোচ্চ ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।
উল্লেখ্য, ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে বর্তমানে ইতালিতে রয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। স্থানীয় সময় ৭ সেপ্টেম্বর রাতে মেস্ত্রে শহরের একটি পার্কে পরিবারের সদস্যদের সঙ্গে হাঁটার সময় তার ওপর হামলা ও হেনস্তার অভিযোগ ওঠে।





























