শচীনকে টপকে দীর্ঘতম ওয়ানডে ক্যারিয়ারের রেকর্ড টেলরের

- সর্বশেষ আপডেট ০৫:২৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
- / 173
আন্তর্জাতিক ওয়ানডেতে সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ারের রেকর্ড নিজের করে নিয়েছেন জিম্বাবুয়ের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার ব্রেন্ডন টেলর। হারারেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নেমেই ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলেছেন তিনি।
টেলরের ওয়ানডে ক্যারিয়ারের মেয়াদ দাঁড়িয়েছে ২২ বছর চার মাস। এর আগে ১৯৯০ থেকে ২০১২ সাল পর্যন্ত ২২ বছর তিন মাস ওয়ানডে খেলে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন শচীন।
তবে রান ও ম্যাচ খেলার দিক থেকে এখনো শচীনের ধারেকাছেও কেউ নেই। ওয়ানডেতে ১৮ হাজার ৪২৬ রান এবং ৪৬৩ ম্যাচ খেলার রেকর্ড নিয়ে সর্বকালের সেরা ব্যাটার ও সর্বাধিক ম্যাচ খেলা ক্রিকেটার হিসেবে তার অবস্থান অটুট রয়েছে।
৪০ বছর বয়সী টেলর ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। এরপর জিম্বাবুয়ে দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটারে পরিণত হন এই উইকেটকিপার-ব্যাটার। ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি।
অবসরের পর দুর্নীতিবিরোধী ও মাদকবিরোধী কোড ভঙ্গের দায়ে আইসিসি তাকে তিন বছরের জন্য নিষিদ্ধ করে। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর ২০২৫ সালে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন টেলর। ২০২৭ সালে জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখেই তার এই প্রত্যাবর্তন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে হারারের ম্যাচে মাঠে নেমে ক্যারিয়ারে আরেকটি অনন্য অর্জন যোগ করলেন টেলর। নানা বিরতি ও প্রতিকূলতার মধ্যেও দুই দশকের বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থেকে দেশের হয়ে খেলে যাওয়ার এই নজির বিশ্ব ক্রিকেটে নিঃসন্দেহে বিরল।































