সেনা সদস্যদের
পদোন্নতিতে যোগ্যতাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
- সর্বশেষ আপডেট ১২:২৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / 97
রাজনৈতিক মতাদর্শ বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নয়, বরং পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, শৃঙ্খলা ও সততাকে সেনা সদস্যদের পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৬ জুলাই) সকালে সেনা সদর দপ্তরে অনুষ্ঠিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী নির্বাচনী পর্ষদের সদস্যদের উদ্দেশে বলেন, পদোন্নতি প্রক্রিয়ায় কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা ব্যক্তিগত পক্ষপাত যেন স্থান না পায়। প্রতিটি কর্মকর্তার কর্মদক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ, পেশাগত যোগ্যতা এবং সততার ভিত্তিতেই মূল্যায়ন নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জাতীয় স্থিতিশীলতা নিশ্চিত করা এবং দুর্যোগসহ বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তা করে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে।
দেশের বিভিন্ন প্রয়োজনে সেনাবাহিনীর অবদানের প্রশংসা করে প্রধানমন্ত্রী সেনাপ্রধানসহ বাহিনীর সব সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সেনাসদর সূত্রে জানা গেছে, ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর প্রথম পর্বে কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতির জন্য যোগ্য কর্মকর্তাদের মূল্যায়ন করা হবে।






























