নিয়োগ ও পদোন্নতিতে মেধাই হবে মূল ভিত্তি: অর্থমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৭:৪৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / 19
জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী জানিয়েছেন, ভবিষ্যতে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে মেধা ও যোগ্যতাকেই অগ্রাধিকার দেওয়া হবে।
‘মেধাভিত্তিক বাংলাদেশ’ গড়ার লক্ষ্য সামনে রেখে সব ধরনের সরকারি নিয়োগ, বদলি এবং পদোন্নতির ক্ষেত্রে মেধা, দক্ষতা, সততা, অভিজ্ঞতা ও প্রশিক্ষণকে মূল মানদণ্ড হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। এ সময় সংসদ নেতা হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমান।
অর্থমন্ত্রী বলেন, প্রশাসন ও রাষ্ট্রীয় ব্যবস্থায় যোগ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে একটি কাঠামো গড়ে তোলাই সরকারের লক্ষ্য। একই সঙ্গে শিল্প, সেবা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, তথ্যপ্রযুক্তি এবং আধুনিক কৃষিভিত্তিক খাতে কর্মসংস্থান বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ সম্প্রসারণ, তরুণ উদ্যোক্তাদের জন্য আর্থিক সহায়তা এবং নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ চলমান রয়েছে।































