নির্বাচনী পরিবেশ ‘সন্তোষজনক ও ভালো’ বলছে ইসি

- সর্বশেষ আপডেট ০৬:২৬:২২ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
- / 100
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর আট দিন বাকি থাকলেও দেশের নির্বাচনী পরিবেশ এখনো সন্তোষজনক ও তুলনামূলকভাবে ভালো রয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তবে আচরণবিধি লঙ্ঘন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে তিনি জানিয়েছেন, সারা দেশে বিচারক ও ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে নজরদারি ও তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।
বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি মাছউদ বলেন, কমিশনের সর্বশেষ মূল্যায়নে বর্তমান নির্বাচনী পরিবেশ সন্তোষজনক ও তুলনামূলকভাবে ভালো। তিনি সব রাজনৈতিক দল, প্রার্থী ও সংশ্লিষ্টদের কমিশনের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন নিশ্চিত করতে কমিশনের সিদ্ধান্ত ও পদক্ষেপ মেনে চলা জরুরি।
এদিন সকাল ১১টায় ইসি সচিবালয় ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনী কার্যক্রমের সমন্বয় নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়, যেখানে চারজন কমিশনার উপস্থিত ছিলেন। সভা প্রসঙ্গে মাছউদ জানান, নির্বাচনের সর্বশেষ প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে কমিশন বিস্তারিতভাবে অবহিত হয়েছে।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং প্রার্থীদের শীর্ষ নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারা দেশে ৩০০ জন বিচারকের সমন্বয়ে ৩০০টি ইলেক্টোরাল ইনকোয়ারি ও এডজুডিকেশন কমিটি কাজ করছে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে মোবাইল কোর্ট পরিচালনা করছেন।
তিনি জানান, কেউ আচরণবিধি ভঙ্গ করলে সংশ্লিষ্ট অভিযোগ এসব কমিটিতে দাখিল করা যাবে। অভিযোগ বা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ম্যাজিস্ট্রেটরা তদন্ত করে প্রতিবেদন কমিশনে পাঠাবেন এবং কমিশন প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেবে।
ইসি কমিশনার বলেন, আগেও আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা শাস্তি ও জরিমানা করেছেন। এমনকি কোনো নির্বাচনী কর্মকর্তা নিজেই আইন বা আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধেও অভিযোগ করা যাবে। গুরুতর ক্ষেত্রে নির্বাচন কমিশন সরাসরি তদন্ত করে ব্যবস্থা নেবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা বিশেষ বাহিনীর সঙ্গে কোনো প্রার্থীর দুর্ব্যবহার আচরণবিধি লঙ্ঘনের আওতায় পড়ে কি না, এমন প্রশ্নের উত্তরে মাছউদ বলেন, বিষয়টি ঘটনা ও পরিস্থিতিভেদে বিবেচনা করতে হবে। প্রতিটি ঘটনাকে আলাদাভাবে মূল্যায়ন করা হবে।
ঢাকা-১৭ আসনে এক প্রার্থীর সেনাসদস্যদের সঙ্গে দুর্ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, এটি তদন্তসাপেক্ষ বিষয়। কেউ ক্ষুব্ধ হলে ইলেক্টোরাল ইনকোয়ারি ও এডজুডিকেশন কমিটির কাছে অভিযোগ করতে পারেন। প্রমাণের ভিত্তিতে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এদিকে শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যুর পর ওই আসনের নির্বাচন বাতিলের বিষয়ে তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারির আগে সেখানে ভোট আয়োজনের সুযোগ নেই। নতুন করে তফসিল ঘোষণায় অন্তত ১৫ দিন সময় প্রয়োজন, পাশাপাশি আপিল ও স্ক্রুটিনের সময়ও রয়েছে। ফলে কবে ওই আসনের নির্বাচন হবে, তা এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
































