নড়িয়ায় ঝাড়ফুঁকের নামে ধর্ষণচেষ্টা, মাদরাসার অধ্যক্ষ গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ০৮:০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / 10
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে সোমবার দুপুরে শরীয়তপুর পৌরসভা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে নড়িয়া থানায় মামলা করেছেন।
মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর পেটব্যথায় অসুস্থ হয়ে পড়ে ওই কিশোরী। মেয়ের চিকিৎসার জন্য তাঁর মা হোসাইন আহম্মেদের কাছে যান। এ সময় কবিরাজি চিকিৎসার কথা বলে কিশোরীর মাকে তেল ও পানি আনতে বাড়িতে পাঠানো হয়। এই সুযোগে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। একপর্যায়ে কিশোরীর মা ও স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।
পরে কিশোরীর মা থানায় মামলা করেন। পুলিশ জানায়, ওই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে হোসাইন আহম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।
































