দিল্লি বিমানবন্দরে হেনস্থা নিয়ে যা বললেন জাহেদ
- সর্বশেষ আপডেট ০১:০১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / 6
ভারতের দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে অবশেষে মুখ খুলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার (১৬ জুন) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে তথ্য অধিদফতরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই বিষয়ে বিস্তারিত জানান।
তথ্য উপদেষ্টা স্পষ্ট করে বলেন, দিল্লি বিমানবন্দরে তাকে কোনো রুমে আটকে রাখা বা জিজ্ঞাসাবাদ করা হয়নি, বরং একটি জায়গায় বসতে দেওয়া হয়েছিল। এটিকে ‘আটকে রাখা’ হিসেবে প্রচার করা সম্পূর্ণ ভুল কথা। তবে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে তাঁর সাথে যে ধরনের আচরণ করার কথা ছিল, ইমিগ্রেশন কর্তৃপক্ষ সেটি করেনি। অবশ্য পরিস্থিতি আরও খারাপ না করার জন্য বাংলাদেশ প্রতিনিধি দলকে তখন প্রত্যাহার করা হয়নি। পরবর্তীতে ভারতীয় কর্তৃপক্ষ তাকে আন্তরিকতার সঙ্গে ভারতে প্রবেশের অনুরোধ জানালেও আত্মসম্মানের খাতিরে তিনি তা প্রত্যাখ্যান করেন।
ঘটনাটি ঘটেছিল গত রোববার (১৪ জুন) সন্ধ্যায়, যখন ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি দিল্লি পৌঁছান। কূটনৈতিক পত্রের মাধ্যমে আগাম অবহিত করা সত্ত্বেও দিল্লির ইমিগ্রেশন কর্তৃপক্ষ রহস্যজনক কারণে তাকে আড়াই ঘণ্টা বসিয়ে রাখে এবং প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়টি স্পষ্ট করেনি। এতে তিনি পাসপোর্ট ফেরত নিয়ে রাতেই কলম্বো হয়ে সোমবার (১৫ জুন) দুপুরে ঢাকায় ফিরে আসেন। এই ঘটনায় ভারতের পক্ষ থেকে ভুল স্বীকার বা পরবর্তী পদক্ষেপের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় দেখছে বলে তিনি জানান। তবে এই তিক্ততার পরেও ভারত যদি ভবিষ্যতে যথাযথ আমন্ত্রণ জানায়, তবে তিনি আবারও দেশটিতে যাবেন বলে মন্তব্য করেন।


































