‘তিন নাম্বার জন ডান’, পরীমনির কোলে আরেক সন্তান
- সর্বশেষ আপডেট ০৩:৫৮:০৭ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / 83
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পরীমনি। সোমবার সকালে নিজের ফেসবুক পেজে প্রকাশ করা ছবিতে তার কোলে দেখা যায় এক ছেলে সন্তানকে। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘তিন নাম্বার জন ডান। আলহামদুলিল্লাহ।’
পরীমনির এমন পোস্টের পরই তার ভক্ত-অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকের প্রশ্ন, তবে কি তৃতীয় সন্তানের মা হয়েছেন এই অভিনেত্রী? আবার কেউ কেউ ধারণা করছেন, তিনি হয়তো নতুন কোনো শিশুকে দত্তক নিয়েছেন।
শিশুদের প্রতি পরীমনির ভালোবাসার কথা তার ভক্তদের অনেকেরই জানা। নিজের সন্তানদের পাশাপাশি অন্য শিশুদের প্রতিও তার বিশেষ টান রয়েছে। বিভিন্ন সময় একাধিক সন্তানের মা হওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। এমনকি একসময় মজা করে ১০০ সন্তানের মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এই অভিনেত্রী।
চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে দাম্পত্য জীবনে পরীমনির ছেলে শাহীম মোহাম্মদ পূণ্যর জন্ম হয়। রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে নিজের কাছেই বড় করছেন তিনি। পরবর্তী সময়ে একটি কন্যাশিশুকে দত্তক নেন পরীমনি। তার নাম রাখা হয় সাফিরা সুলতানা প্রিয়ম।
বর্তমানে দুই সন্তানকে নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন পরীমনি। অভিনয়ের পাশাপাশি সন্তানদের সময় দেওয়ার বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিও নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি।
এদিকে সোমবারের ছবিতে গাড়ির ভেতর রোদচশমা পরা অবস্থায় দেখা যায় পরীমনিকে। তার কোলে থাকা নবজাতককে ঘিরেই মূলত নতুন করে আলোচনা শুরু হয়েছে। পোস্টটি প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে তাকে অভিনন্দন জানান এবং শিশুটির পরিচয় জানতে নানা প্রশ্ন করেন।
তবে ছবির শিশুটি কে বা ‘তিন নাম্বার জন ডান’ বলতে পরীমনি ঠিক কী বোঝাতে চেয়েছেন, সে বিষয়ে এখনো সরাসরি কোনো ব্যাখ্যা দেননি তিনি। এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ফলে শিশুটির পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা হলেও এর কোনোটিই এখনো নিশ্চিত নয়। পরীমনির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত তাকে তৃতীয় সন্তানের মা হয়েছেন বা নতুন কোনো শিশুকে দত্তক নিয়েছেন; এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।
এখন ভক্তদের অপেক্ষা, ‘তিন নাম্বার জন’ নিয়ে নিজের পোস্টের রহস্য পরীমনি কবে নিজেই পরিষ্কার করেন।
































