ফলোয়ার যুদ্ধে সাকিবকে হারালেন পরীমনি
- সর্বশেষ আপডেট ০৮:২৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / 47
বাংলাদেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন। ফেসবুকে অনুসারীর (ফলোয়ার) সংখ্যায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়িয়ে এখন দেশের সবচেয়ে বেশি অনুসারী থাকা তারকায় পরিণত হয়েছেন তিনি।
মঙ্গলবার (২৮ জুলাই) দুই তারকার অফিসিয়াল ফেসবুক পেজের তথ্য অনুযায়ী, পরীমনির অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে সাকিব আল হাসানের ফলোয়ার রয়েছে ১ কোটি ৬০ লাখের বেশি। ফলে অনুসারীর সংখ্যায় সাকিবের চেয়ে প্রায় ১০ লাখ এগিয়ে রয়েছেন এই অভিনেত্রী।
এর আগে কয়েক দফায় দুই তারকার অনুসারীর সংখ্যা কাছাকাছি অবস্থানে ছিল। একসময় সাকিব এগিয়েও ছিলেন। তবে সর্বশেষ পরিসংখ্যানে পরীমনি স্পষ্ট ব্যবধানে শীর্ষস্থান দখল করেছেন।
দুই তারকার ফেসবুক কার্যক্রমেও রয়েছে কিছু পার্থক্য। সাকিব আল হাসানের অফিসিয়াল পেজ থেকে মাত্র ছয়টি অ্যাকাউন্ট অনুসরণ করা হয়। এর মধ্যে রয়েছেন ফুটবল তারকা লিওনেল মেসি, ক্রিকেটার মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও রুবেল হোসেন। এছাড়া রয়েছে সাকিব আল হাসান ফাউন্ডেশন এবং ফরচুন বরিশালের অফিসিয়াল পেজ।
অন্যদিকে, পরীমনির ফেসবুক পেজ থেকে সাতটি অ্যাকাউন্ট অনুসরণ করা হলেও সেগুলোর পরিচয় প্রাইভেসি সেটিংয়ের কারণে প্রকাশ্যে দেখা যায় না।
এক দশকেরও বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে পরীমনি শুধু চলচ্চিত্র নয়, ব্যক্তিগত জীবন ও বিভিন্ন সামাজিক ইস্যুতেও আলোচনায় থেকেছেন। বর্তমানে তিনি নতুন কয়েকটি কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে মাঠের ক্রিকেটের পাশাপাশি সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে আলোচনায় রয়েছেন সাকিব আল হাসানও।
































