ফোনকলে প্রাণনাশের হুমকি, আতঙ্কে পরীমনি

- সর্বশেষ আপডেট ০৬:৪৫:২০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / 238
মুঠোফোনে চিত্রনায়িকা পরীমনিকে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে রোববার (৮ ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি অডিও ক্লিপ শেয়ার করেন এই অভিনেত্রী।
পরীমনির ভাষ্য অনুযায়ী, একটি বিদেশি নম্বর থেকে তাকে ফোন করে অশ্রাব্য ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। হঠাৎ করেই কলটি আসে এবং ফোন ধরার সঙ্গে সঙ্গেই অপর প্রান্ত থেকে কটু কথা বলা শুরু হয় বলে জানান তিনি।
পরে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। এ প্রসঙ্গে পরীমনি গণমাধ্যমকে বলেন, ফোন করা ব্যক্তি ভোট নিয়ে বিভিন্ন কথা বলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভোটসংক্রান্ত কোনো পোস্ট বা শেয়ার না করতে তাকে হুমকি দেন। এক পর্যায়ে তাকে গুলি করে হত্যা করার কথাও বলা হয়।
ঘটনাটি নিয়ে আতঙ্কিত হলেও বিষয়টি গোপন না রেখে সবাইকে জানানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এই অভিনেত্রী। তবে এখন পর্যন্ত আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি।
উল্লেখ্য, পরীমনির অভিনীত একাধিক সিনেমা বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। এ ছাড়া ‘গোলাপ’ শিরোনামের একটি চলচ্চিত্রে চিত্রনায়ক নিরবের বিপরীতে অভিনয় করার কথা রয়েছে তার।




































