চট্টগ্রামে ৬ জনকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ
- সর্বশেষ আপডেট ১২:৪৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 84
চট্টগ্রাম বন্দরে ধর্মঘটের নামে নৈরাজ্য সৃষ্টির অভিযোগে ছয় জন শ্রমিক-কর্মচারীকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত থেকে রোববার সকাল পর্যন্ত বন্দর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন। তবে বিষয়টি স্বীকার করেনি আইনশৃঙ্খলা বাহিনী।
চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক বলেন, ‘শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত সংগ্রাম পরিষদের দুজন প্রবীণ নেতাসহ মোট ছয় জনকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়েছে। বন্দর চেয়ারম্যান শক্তি প্রয়োগ করে আন্দোলন দমন করতে চাইছেন। শক্তি প্রয়োগ হলে আরও কঠিন আন্দোলন গড়ে তোলা হবে। আলোচনা ছাড়া শক্তি প্রয়োগ করে আন্দোলন দমানো যাবে না।’
তিনি জানান, ডিবি পরিচয়ে বন্দর এলাকা থেকে যাদের তুলে নেওয়া হয়েছে তাদের মধ্যে তিন জন হলেন- আবুল কালাম, শামসুল মিয়া টুকু, রিপন ও আসাদুল।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ‘ডিপি ওর্য়াল্ডকে’ ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদসহ চার দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে চলছে শ্রমিক-কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট।
































