‘দুধকলা দিয়ে কালসাপ পুষলাম’, জামায়াতকে রাশেদ

- সর্বশেষ আপডেট ০৩:০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / 82
‘একদিন আপনারাই বলবেন, দুধকলা দিয়ে কালসাপ পুষলাম’; জামায়াতের প্রতি এমন সতর্কবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে জামায়াতের লংমার্চ ও দলটির রাজনৈতিক কৌশল নিয়ে নানা অভিযোগ ও মন্তব্য করতে গিয়ে তিনি এ কথা বলেন।
রাশেদ খাঁনের অভিযোগ, জামায়াতের লংমার্চে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হয়েছে। দলটির অনুরোধে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত গাড়িবহরকে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়। তবে তার দাবি, লংমার্চকে কেন্দ্র করে জামায়াত ‘পরিকল্পিতভাবে ঝামেলা করার প্ল্যান’ করেছিল।
তিনি দাবি করেন, রাতের বেলা মতিঝিলে লাঠিসোটা জড়ো করা হয়েছিল। এসব লাঠি পরে গাড়িবহরে নেওয়া হয়েছিল কি না, সে বিষয়ে নিশ্চিত নন বলেও উল্লেখ করেন তিনি।
লংমার্চে জামায়াতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগও করেন রাশেদ খাঁন। তিনি ‘হৈ হৈ রৈ রৈ, ছাত্রদল, যুবদল গেলি কই’ স্লোগানের উদাহরণ দেন।
রাশেদ খাঁনের ভাষ্য, লংমার্চের আয়োজন দেখে অনেকের মনে হয়েছে, এটি ব্যবস্থাপনা, অর্থায়ন ও জনবলের দিক থেকে জামায়াতের হলেও সামনে ছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তার দাবি, জামায়াত সরাসরি নেতৃত্ব দেওয়ার ঝুঁকি না নিয়ে এনসিপিকে সামনে রেখে রাজনৈতিক কৌশল বাস্তবায়নের চেষ্টা করছে।
এনসিপির সঙ্গে জামায়াতের রাজনৈতিক সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রাশেদ খাঁনের দাবি, জামায়াত-শিবিরের অনেক নেতাকর্মী ও অ্যাক্টিভিস্টও এনসিপিকে দেওয়া গুরুত্ব নিয়ে অসন্তুষ্ট।
জামায়াতের জোটসঙ্গীদের নিয়েও রাজনৈতিক বিশ্লেষণ তুলে ধরে রাশেদ খাঁন বলেন, আসন সমঝোতার কারণে বিভিন্ন দল জোট পরিবর্তন করতে পারে। তার দাবি, বিএনপি বেশি আসন ছাড়লে এসব দলের কেউ কেউ ভবিষ্যতে আবার বিএনপির সঙ্গে যেতে পারে।
তিনি আরও বলেন, জামায়াত যাদের ওপর ভরসা করে অর্থ ও সাংগঠনিক শক্তি ব্যয় করছে, একসময় তারাই দলটিকে বড় ধরনের রাজনৈতিক ধাক্কা দিতে পারে।
এ প্রসঙ্গেই জামায়াতের উদ্দেশে তিনি লেখেন, ‘একদিন আপনারাই বলবেন, দুধকলা দিয়ে কালসাপ পুষলাম।’
এ ছাড়া এনসিপির ভবিষ্যৎ রাজনৈতিক লক্ষ্য নিয়েও মন্তব্য করেন রাশেদ খাঁন। তার দাবি, দলটি ২০৩১ সালের জাতীয় নির্বাচনে প্রধান বিরোধী দল হওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে। বিভিন্ন বিদেশি সংস্থা ও শক্তি তাদের পৃষ্ঠপোষকতা করছে বলেও ‘জনশ্রুতি’ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তবে রাশেদ খাঁনের এসব অভিযোগ ও মন্তব্যের বিষয়ে জামায়াত বা এনসিপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।






























