দীঘিনালায় সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

- সর্বশেষ আপডেট ০৪:৫২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / 259
খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি-বাঙালিসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে দীঘিনালা জোনের উদ্যোগে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-আমিন, পিএসসি।
এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মো. মোশারফ হোসেন ও শান্তিপ্রিয় চাকমা, দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি মো. আল আমিন, ৩ নম্বর কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা, ২ নম্বর বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, ৫ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, পাহাড়ি-বাঙালিসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য সুদৃঢ় করা এবং তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। খেলাধুলা তরুণদের মাদক ও বিভিন্ন ধরনের সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেও তারা উল্লেখ করেন।
উদ্বোধনী ম্যাচে বাবুছড়া মহিলা একাদশ ও বোয়ালখালী মহিলা একাদশ মুখোমুখি হয়। এতে বোয়ালখালী মহিলা একাদশকে হারিয়ে জয় লাভ করে বাবুছড়া মহিলা একাদশ।
টুর্নামেন্টে দীঘিনালা, বাঘাইছড়ি ও লংগদুসহ বিভিন্ন এলাকার মোট চারটি দল অংশ নিচ্ছে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে এলাকার যুবসমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের পরিবেশ আরও শক্তিশালী হবে। ভবিষ্যতেও সম্প্রীতি ও সামাজিক বন্ধন জোরদারে এ ধরনের ক্রীড়া ও সামাজিক আয়োজন অব্যাহত থাকবে বলেও জানান তারা।































