টবি ক্যাডম্যানের মেয়াদ নবায়ন হয়নি: চিফ প্রসিকিউটর
- সর্বশেষ আপডেট ০৭:০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / 184
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, বিশেষ পরামর্শক পদে ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানের এক বছরের মেয়াদ নবায়ন করা হয়নি। সোমবার বিকেলে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তাজুল ইসলাম বলেন, ২০২৪ সালের ১৯ নভেম্বর টবি ক্যাডম্যানকে এক বছরের জন্য বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, যা ২০২৫ সালের ১৯ নভেম্বর শেষ হয়েছে। তিনি জানান, সরকার প্রথমে মেয়াদ বাড়ানোর বিষয়ে ভাবছিল এবং টবিও আবেদন করেছিলেন, কিন্তু আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত দিয়েছে যে বর্তমান পরিস্থিতিতে নতুন কোনো চুক্তি করা হবে না।
টবি ক্যাডম্যান লন্ডনভিত্তিক গার্নিকা ৩৭ ল’ ফার্মের যুগ্ম প্রধান। ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের বিচার চলাকালে অভিযুক্তদের পক্ষে তিনি বাংলাদেশে আসতে চেয়েছিলেন, তবে তখন আটকে দেওয়া হয়েছিল। ২০২৪ সালের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানের পর বাংলাদেশে এসে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ পান।

































