চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রাণ গেল নারীর
- সর্বশেষ আপডেট ০২:৩১:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- / 63
ঝিনাইদহের কালীগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে রাবেয়া খাতুন (৩৭) নামে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাবেয়া রাজধানীর খিলক্ষেতের জোয়ার সাহারা এলাকার ইকবাল হোসেনের মেয়ে। তার ৮ ও ১৪ বছর বয়সী দুটি কন্যাসন্তান রয়েছে।
স্বজনরা জানান, দুই দিন আগে কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া এলাকায় বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন রাবেয়া। শনিবার সকালে ট্রেনে করে ঢাকায় ফেরার উদ্দেশ্যে মোবারকগঞ্জ স্টেশনে যান তিনি।
প্রত্যক্ষদর্শী সেলিমা রহমান জানান, ট্রেনটি ছেড়ে দেওয়ার সময় রাবেয়াকে চলন্ত ট্রেনে উঠতে নিষেধ করেছিলেন তিনি। স্টেশনে থাকা আরও কয়েকজনও তাকে সতর্ক করেন। তবে নিষেধ উপেক্ষা করে ট্রেনে ওঠার চেষ্টা করার সময় পা পিছলে পড়ে যান রাবেয়া।
মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান নয়ন বলেন, রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস স্টেশন ছাড়ার সময় ওই নারী ট্রেনে ওঠার চেষ্টা করেন। এ সময় তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।
তিনি বলেন, দুর্ঘটনার পর দ্রুত রাবেয়াকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সদর হাসপাতালে রেফার করা হয়। যশোর নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আরিফুর রহমান বলেন, ট্রেনে কাটা পড়ে রাবেয়ার দুই পা বিচ্ছিন্ন হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। এছাড়া তার একটি হাত ভেঙে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত ছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়।




























