খুলনায় পাঁচ বিদেশি পিস্তলসহ নারী আটক
- সর্বশেষ আপডেট ০৩:২৪:০৪ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
- / 149
খুলনার লবণচরা নিজখামার এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় পাঁচটি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলিসহ এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) সকালে ওই এলাকায় যৌথভাবে চেকপোস্ট পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ। চেকপোস্টে একটি গাড়ি তল্লাশির সময় সন্দেহজনক আচরণের কারণে এক নারীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে পাঁচটি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে জাপানি ও ব্রিটিশ তৈরি পিস্তল রয়েছে এবং এটি অবৈধ অস্ত্রের বড় চালান হতে পারে। তবে অস্ত্রগুলো কার কাছ থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল- সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
আটক নারীর নাম সুরাইয়া পারভীন সুমী (৩৭)। তিনি সাতক্ষীরা সদর থানার বাটকেখালী এলাকার বাসিন্দা। এ ঘটনায় খুলনা মেট্রোপলিটন পুলিশ অস্ত্র আইনে মামলা করেছে।
ঘটনার খবর পেয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ–এর উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত তদারকি করেন।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত তথ্য জানা যাবে এবং অস্ত্রের উৎস ও গন্তব্য শনাক্তে তদন্ত চলছে।































