নালিতাবাড়ীতে প্রকাশ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নিষিদ্ধ আ. লীগের শ্রদ্ধা
- সর্বশেষ আপডেট ০৬:৫৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / 57
শেরপুরের নালিতাবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন। শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের বিন্নিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণের শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের আয়োজিত এ কর্মসূচির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার পর উপস্থিত নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এতে কাকরকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদকে স্লোগানে নেতৃত্ব দিতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কর্মসূচিতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের প্রায় ১২ থেকে ১৩ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার পর নালিতাবাড়ীর কোনো শহীদ মিনারে দলটির নেতাকর্মীদের প্রকাশ্যে এমন কর্মসূচি পালনের ঘটনা এবারই প্রথম।
এদিকে, ১৫ আগস্টকে কেন্দ্র করে নালিতাবাড়ীর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিচ্ছিন্নভাবে কর্মসূচি পালনের আরও কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এসব ভিডিওতে দেখানো কর্মসূচিগুলোর স্থান, সময় এবং অংশগ্রহণকারীদের পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।






























