শাহজালাল মাজারের ডেগে শেখ হাসিনার নামে চিঠি
- সর্বশেষ আপডেট ০৬:৩৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / 12
সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের ডেগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে লেখা একটি চিঠি পাওয়া গেছে। চিঠিতে শেখ হাসিনাকে বিপদ থেকে রক্ষা, তার আয়ু বাড়ানো এবং জুলাইয়ের মামলাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে করা হত্যা মামলা থেকে হেফাজতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে মাজার প্রাঙ্গণে তিনটি ডেগ ও তিনটি বড় দানবাক্স খোলার পর টাকা গণনার সময় চিঠিটি পাওয়া যায়। প্রশাসনের কর্মকর্তা ও সাধারণ মানুষের উপস্থিতিতে ৩০ জন স্বেচ্ছাসেবী দানবাক্স ও ডেগে থাকা টাকা গণনায় অংশ নেন।
চিঠিতে লেখকের নাম ‘সজিব’ উল্লেখ করা হয়েছে। সেখানে নিজেকে গাজীপুরের বাসিন্দা ও সিলেট আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচয় দিয়েছেন তিনি।
চিঠিতে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে লেখা হয়, ‘হে আল্লাহ তুমি মহান! আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে আমাদের হায়াত কমিয়ে নেত্রীর হায়াত বাড়িয়ে দেন।’ এরপর ‘প্রত্যাবর্তন-২’ শিরোনামে ‘শেখ হাসিনা ডিসেম্বর-২০২৬’ কথাটি লেখা রয়েছে। একই সঙ্গে জুলাইয়ের মামলা থেকে শেখ হাসিনা এবং হত্যা মামলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের রক্ষার জন্য প্রার্থনা করা হয়েছে।
এদিন ডেগ ও দানবাক্স থেকে বিপুল পরিমাণ অর্থের পাশাপাশি আরও বেশ কয়েকটি চিঠি পাওয়া যায়। এসব চিঠিতে ব্যক্তিগত, পারিবারিক ও নানা ধরনের সমস্যার সমাধান চেয়ে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে।
এর মধ্যে ‘হেনা’ নামে এক নারীর লেখা একটি চিঠিও পাওয়া যায়। এতে তিনি তার স্বামীকে বিপথ থেকে ফিরিয়ে আনার জন্য দোয়া করেছেন। যারা তার স্বামীকে বিপথে নিয়েছেন, তাদের বিচার এবং পৃথিবী থেকে মাদকদ্রব্য নির্মূলের জন্যও প্রার্থনা করেন তিনি।
মাজার সংশ্লিষ্টরা জানান, ডেগ ও দানবাক্সে বিপুল পরিমাণ টাকা জমা পড়ায় গণনা শেষ করতে সন্ধ্যা পর্যন্ত সময় লাগতে পারে।































