প্রথমবার কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান
- সর্বশেষ আপডেট ১১:২২:২০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / 26
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল রোববার (১৬ আগস্ট) এক দিনের সফরে কিশোরগঞ্জে আসছেন। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম কিশোরগঞ্জ সফর। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জেলার বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সফর উপলক্ষে জেলা প্রশাসন, বিএনপি এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, রোববার সকাল ৯টায় ঢাকার নিজ বাসভবন থেকে সড়কপথে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১১টার দিকে তিনি পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পৌঁছাবেন। সেখানে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করবেন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
এরপর দুপুর ১২টায় কটিয়াদীর উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সেখানে কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন তিনি। দুপুর ১২টা ৫৫ মিনিটে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠের উদ্দেশে রওনা হয়ে বেলা ১টায় ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেবেন।
দুপুর ১টা ৪৫ মিনিটে কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছে দুপুর আড়াইটায় সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন। একই স্থানে জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা শাখার আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন তিনি।
বিকেল ৩টায় জেলা সার্কিট হাউসে পৌঁছে কিছু সময় বিশ্রাম নেবেন প্রধানমন্ত্রী। পরে বিকেল ৪টায় কিশোরগঞ্জ পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন অনুদান প্রদান এবং স্থানীয় মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে।
দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ছাড়বেন প্রধানমন্ত্রী। রাত সাড়ে ৮টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে জেলার বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলা প্রশাসন ও বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় উদ্যোগ। পাশাপাশি সফর নির্বিঘ্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।





























