দীঘিনালায় পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ০৯:২৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / 58
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার বোয়ালখালী কাঁচা বাজার ও চাপ্পাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার এসআই (নিঃ) রাজিব শেখ ও এএসআই (নিঃ) সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে বোয়ালখালী কাঁচা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২(গ) ধারায় দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত মো. হারুনুর রশিদ (২৬)কে গ্রেপ্তার করা হয়। তিনি মেরুং ইউনিয়নের বেলছড়ি এলাকার মমতাজ আলী সওদাগরের বাড়ির বাসিন্দা।
অন্যদিকে, একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে দীঘিনালা থানার এসআই (নিঃ) মোস্তাক আহম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল চাপ্পাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে সিআর মামলায় সাজা পরোয়ানাভুক্ত সুব্রত ত্রিপুরা (৪৩)কে গ্রেপ্তার করা হয়। তিনি ৩১ নম্বর বোয়ালখালী মৌজার চাপ্পাপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, সুব্রত ত্রিপুরার বিরুদ্ধে ১৮৮১ সালের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) অ্যাক্টের ১৩৮ ধারায় সাজা পরোয়ানা রয়েছে। তার বিরুদ্ধে এসটি-১০৫/২২ ও সিআর-৩০৩/২২ মামলায় আদালতের পরোয়ানা জারি হয়েছিল।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী জানান, পৃথক অভিযানে গ্রেপ্তার দুই আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের এ অভিযানের পর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।






























