আইইডিসিআরে মব করেছে বিএনপিপন্থীরা
- সর্বশেষ আপডেট ০২:৪৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / 51
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে তাঁর কার্যালয়ে ঢুকে মব করার অভিযোগ উঠেছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীদের বিরুদ্ধে। বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
অধ্যাপক কাজী আহমেদ জাকির অভিযোগ, ড্যাবের কর্মীরা তাঁর কক্ষে ঢুকে মব সৃষ্টি করে তাঁকে মারধর করেন। ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, কয়েকজনের সঙ্গে বৈঠকের সময় ৮ থেকে ৯ জন ব্যক্তি তাঁর কক্ষে প্রবেশ করেন। এরপর তাঁকে চেয়ার থেকে টেনে তুলে মারধর করা হয়।
অভিযোগের বিষয়ে ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ বলেন, ‘ওর (কাজী আহমেদ) তো কিছু দোষ আছে।’ কী দোষ জানতে চাইলে তিনি নিজের মুঠোফোনে থাকা একটি ছবি দেখিয়ে বলেন, বর্তমান সরকারের সময়ে কাজী আহমেদ কীভাবে মীরজাদী সাবরিনা ফ্লোরার সঙ্গে নিজের কার্যালয়ে বৈঠক করেন।
মীরজাদী সাবরিনা ফ্লোরা আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। করোনা মহামারির সময় সংবাদমাধ্যমে নিয়মিত ব্রিফিংয়ের কারণে তিনি পরিচিতি পান।
ঘটনার সময় পরিচালকের কক্ষে উপস্থিত থাকা এক জনস্বাস্থ্যবিদ নাম প্রকাশ না করার শর্তে জানান, মারধরে অংশ নেওয়া ব্যক্তিদের তিনি আগে কখনো আইইডিসিআরে দেখেননি।
আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও জনস্বাস্থ্যবিদ মুশতাক হোসেন এ ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় বলে মন্তব্য করেছেন। তিনি ঘটনার তদন্ত করে দায়ীদের শাস্তির আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে অধ্যাপক কাজী আহমেদ জাকি বলেন, ‘আমি অফিসিয়ালি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।’
দেশে রোগ পরিস্থিতি পর্যবেক্ষণ, গবেষণা ও জনস্বাস্থ্যসংক্রান্ত সতর্কবার্তা দেওয়ার দায়িত্ব পালন করে আইইডিসিআর। প্রতিষ্ঠানটির পরিচালকের কার্যালয়ে এমন ঘটনা জনস্বাস্থ্য খাতের প্রশাসনিক পরিবেশ ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।





























