ঈদযাত্রার অগ্রিম বাস টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

- সর্বশেষ আপডেট ০৬:৫৮:৫২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- / 160
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি আগামী ৩ মার্চ থেকে শুরু হচ্ছে। ওইদিন থেকেই ১২ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যেকোনো তারিখের যাত্রার টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা।
শনিবার রাজধানীর গাবতলীতে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের সেক্রেটারি শুভঙ্কর ঘোষ রাকেশ।
তিনি জানান, ৩ মার্চ সকাল থেকে কাউন্টার ও অনলাইন- দুই মাধ্যমেই টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে বাস ও আসন নির্বাচন করে টিকিট কিনতে পারবেন। প্রথম দিন ১২ মার্চ থেকে ঈদের আগের দিনের যাত্রার অগ্রিম টিকিট ছাড়া হবে।
সভায় জানানো হয়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। অনলাইন ও কাউন্টার- উভয় ক্ষেত্রেই একই ভাড়া কার্যকর থাকবে। প্রতিটি টিকিট কাউন্টারে অনুমোদিত ভাড়ার তালিকা টানিয়ে রাখা বাধ্যতামূলক করা হবে।
টিকিট কালোবাজারি রোধে বিভিন্ন কাউন্টারে নজরদারি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলেও জানান সংগঠনের সেক্রেটারি। কোনো অনিয়ম ধরা পড়লে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মালিক সমিতির পক্ষ থেকেও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি সতর্ক করেন।




































