মাইলস্টোন ট্র্যাজেডি
ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
- সর্বশেষ আপডেট ০১:২৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / 15
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ মোট ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে এই আবেদন করেন নিহত শিক্ষার্থী উক্য ছাইং মারমার বাবা উসাইমং মারমা। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বিষয়টি আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী এ কে এম শারিফ উদ্দিন।
আবেদনে যাদের আসামি করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, এয়ার কমান্ডিং অফিসার মোরশেদ মোহাম্মদ খায়ের উল আফসার, ম্যানটেইনেন্স গ্রুপের কর্মকর্তা রিফাত আক্তার জিকু, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাসহ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), শিক্ষা মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা।
এছাড়া সাবেক উপদেষ্টা ড. রিজওয়ানা হাসান এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলমের নামও মামলার আবেদনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২১ জুলাই দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। ভয়াবহ ওই দুর্ঘটনায় ৩৬ জন নিহত হন, যাদের মধ্যে ২৮ জনই শিক্ষার্থী ছিলেন। ঘটনাটি দেশের অন্যতম বড় বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত।
দুর্ঘটনা তদন্তে গঠিত কমিটি গত ৫ নভেম্বর তৎকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বলা হয়, প্রশিক্ষণার্থী পাইলটের উড্ডয়নজনিত ত্রুটির কারণেই বিমানটি বিধ্বস্ত হয়।




































