আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা
- সর্বশেষ আপডেট ১২:৩০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / 6
শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তিশা। শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন বলে জানিয়েছেন অভিনেত্রীর আইনজীবী নিহার হোসেন ফারুক।
এর আগে গত ১২ জুলাই মামলাটিতে তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছিল।
মামলার অভিযোগ থেকে জানা যায়, অনলাইনভিত্তিক ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। শাড়িটির প্রচারণা চালানো এবং মূল্য পরিশোধের প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। তবে পরবর্তীতে পেজটির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় পেজটির প্রশাসক আমিনুল ইসলাম ২০২৫ সালের নভেম্বরে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলা করেন।
মামলাটির পরিপ্রেক্ষিতেই তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়। বৃহস্পতিবার নির্ধারিত সময়ে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।




























