সীমান্তের চেয়ে বড় চ্যালেঞ্জ সাইবার নিরাপত্তা: তথ্যমন্ত্রী
- সর্বশেষ আপডেট ১২:৫২:১৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / 15
বর্তমান বিশ্বে জাতীয় নিরাপত্তার ধারণা বদলে গেছে। শুধু সীমান্ত পাহারা দিলেই নিরাপত্তা নিশ্চিত হয় না, বরং সাইবার নিরাপত্তা এখন আরও গুরুত্বপূর্ণ- এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার (১ জুলাই) রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে বাহিনীর নিজস্ব অনলাইন প্ল্যাটফর্ম ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আধুনিক সময়ে যুদ্ধ ও নিরাপত্তা কেবল ভৌগোলিক সীমান্তের মধ্যে সীমাবদ্ধ নয়। তথ্যপ্রযুক্তির এই যুগে তথ্যের নিরাপত্তা, সঠিক তথ্যের প্রবাহ এবং কার্যকর তথ্য ব্যবস্থাপনাও জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ। এ কারণে জনগণের কাছে নির্ভুল ও বিশ্বাসযোগ্য তথ্য পৌঁছে দিতে সরকার একটি দীর্ঘমেয়াদি তথ্য ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন করছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, গুজব ও ভুয়া তথ্যের বিস্তার সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই তথ্য বিভ্রান্তি মোকাবিলা করে জনগণের কাছে নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়া এখন সময়ের দাবি।
তিনি আশা প্রকাশ করেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন অনলাইন মিডিয়া ‘প্রান্তিক কণ্ঠস্বর’ সচেতনতা বৃদ্ধি এবং গুজব প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।
















