মাধবদীতে ছাত্রদের দিয়ে খাতা মূল্যায়ন, শিক্ষক আজীবন নিষিদ্ধ
- সর্বশেষ আপডেট ০৫:১৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / 23
পরীক্ষকের দায়িত্বে থেকেও নিজে উত্তরপত্র মূল্যায়ন না করে শিক্ষার্থীদের দিয়ে এইচএসসি (আলিম) পরীক্ষার খাতা মূল্যায়নের অভিযোগ উঠেছে নরসিংদীর মাধবদীর এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। একই সঙ্গে তাকে পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সব ধরনের পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রমে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।
অভিযুক্ত শিক্ষক মো. নাসির উদ্দিন মাধবদী থানার গদাইরচর আছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ইসলামের ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক।
জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, শিক্ষক নাসির উদ্দিন আলিম ২০২৬ সালের ইসলামের ইতিহাস বিষয়ের উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে তার শিক্ষার্থীদের দিয়ে খাতা দেখাচ্ছেন।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। পরে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এরই ধারাবাহিকতায় বুধবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল খায়ের বাদী হয়ে নাসির উদ্দিনের বিরুদ্ধে মাধবদী থানায় মামলা করেন। মামলাটি পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর সংশ্লিষ্ট ধারায় করা হয়েছে।
এদিকে উত্তরপত্র মূল্যায়নে বিধিবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে নাসির উদ্দিনকে পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সব পরীক্ষা-সংক্রান্ত কর্মকাণ্ডে তাকে আজীবনের জন্য দায়িত্ব পালনে অযোগ্য ঘোষণা করা হয়েছে।
মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন বলেন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় একটি ভিডিও পুলিশের কাছে রয়েছে। ভিডিওটি যাচাইসহ সার্বিক বিষয় তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

































