মিরপুরে দুই আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ‘শুটার জাকির’ গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ০৮:৩৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
- / 35
রাজধানীর মিরপুরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও আধিপত্য বিস্তারের অভিযোগে কথিত পেশাদার শুটার মো. জামিল হোসেন ওরফে ‘শুটার জাকির’ ওরফে মো. জাকির ওরফে ‘খালাতো’কে (৪৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ।
ডিবির দাবি, জাকিরের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।
তিনি জানান, বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১১টা ২০ মিনিটের দিকে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে জাকিরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পিস্তলের ম্যাগাজিনে থাকা দুই রাউন্ড গুলি, কালো রঙের একটি বিদেশি রিভলবার, রিভলবারের চেম্বারে থাকা দুই রাউন্ড গুলি এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
ডিবির এই কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্তে জাকিরকে পেশাদার সন্ত্রাসী ও অস্ত্রধারী শুটার হিসেবে তথ্য পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে তিনি মিরপুর এলাকায় ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে আধিপত্য বিস্তারের চেষ্টা করে আসছিলেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।
শফিকুল ইসলাম জানান, আওয়ামী লীগ সরকারের আমলে কথিত শীর্ষ সন্ত্রাসী তানভীর ইসলাম জয়-এর সহযোগী হিসেবে জাকির মিরপুর এলাকায় সক্রিয় ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। পরে জয় নিহত হওয়ার পর অপরাধীচক্রের আরেক সদস্য তাজকীরের সহযোগী হিসেবে তিনি কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। বিষয়গুলো আরও যাচাই করা হচ্ছে।
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার আরও জানান, গত ৭ জুলাই রাতে সেনপাড়া পর্বতা এলাকায় আধিপত্য বিস্তার ও ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম সিজুকে হত্যার উদ্দেশে গুলি করা হয়। ওই ঘটনায় জাকির পালিয়ে যেতে সক্ষম হলেও তার সহযোগী কথিত শুটার কাওছার ভূঁইয়া ওরফে শান্ত ওরফে এসবিকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছিল।
ওই ঘটনায় মিরপুর মডেল থানায় দুটি মামলা হয়েছে। এর মধ্যে একটি হত্যার উদ্দেশে হামলা ও গুরুতর আঘাতের অভিযোগে এবং অন্যটি অস্ত্র আইনে দায়ের করা হয়। মামলা দুটি বর্তমানে মিরপুর মডেল থানা পুলিশ তদন্ত করছে।
পুলিশ জানিয়েছে, জাকিরের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে তার সঙ্গে আর কারা জড়িত এবং মিরপুরে তার কথিত অপরাধী নেটওয়ার্কের সঙ্গে কারা সম্পৃক্ত, সেসব বিষয়ও তদন্ত করে দেখা হচ্ছে।






























