সাংবাদিক পরিচয় নির্ধারণে কর্তৃপক্ষ চান তথ্যমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৬:০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / 14
কে সাংবাদিক আর কে নন, তা নির্ধারণে একটি যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির ৩৪তম এবং নবগঠিত কমিটির প্রথম সভায় বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির প্রতিটি সিদ্ধান্তে সংবিধান, প্রচলিত আইন ও বিধি-বিধানের যথাযথ প্রতিফলন থাকতে হবে। একই সঙ্গে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দূরদর্শিতা, প্রজ্ঞা এবং সর্বস্তরের মানুষের বিষয়টি বিবেচনায় রাখার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সরকারের নেওয়া সিদ্ধান্তগুলো যেন সবার কাছে গ্রহণযোগ্য হয়, সে বিষয়টি কমিটিকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে। রাজনৈতিক পরিচয়ের বাইরে জনগণের ভোটে নির্বাচিত সরকারের প্রতিনিধি হিসেবে সব নাগরিকের প্রতি সমান দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার কথাও তুলে ধরেন তিনি।
গণমাধ্যমকে বহুমতের একটি ক্ষেত্র উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, এখানে ভিন্ন মত, দৃষ্টিভঙ্গি ও চিন্তার মানুষের সহাবস্থান নিশ্চিত করা প্রয়োজন। তাই কোনো সংকীর্ণ বা পক্ষপাতমূলক সিদ্ধান্ত নয়, বরং সবার অংশগ্রহণ নিশ্চিত হয়—এমন নীতি অনুসরণ করতে হবে।
তিনি আরও বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় একটি কৌশলগত ও সংবেদনশীল মন্ত্রণালয়। এখানকার কোনো সিদ্ধান্তের প্রভাব দীর্ঘমেয়াদে রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে পড়তে পারে। তাই তাৎক্ষণিক চিন্তার বাইরে গিয়ে ভবিষ্যৎ প্রভাব বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
সভায় প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদের সভাপতিত্বে তথ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. শাহ আলমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির নবগঠিত সদস্যরা উপস্থিত ছিলেন।


































