শেখ হাসিনা দেশে ফিরবেন: রুমিন ফারহানা
- সর্বশেষ আপডেট ০৮:৫১:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / 383
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসময় দেশে ফিরে আসবেন বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তাঁর ভাষ্য, সামগ্রিক রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় তাঁর ধারণা, শেখ হাসিনা দেশে ফিরবেন।
বুধবার (৫ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রুমিন ফারহানা বলেন, তিনি বাংলাদেশের নাগরিক এবং দীর্ঘদিন দেশের রাজনীতির সঙ্গে যুক্ত। তাঁর পরিবার ও রাজনৈতিক ইতিহাস বিবেচনায় ব্যক্তিগতভাবে তিনি মনে করেন, শেখ হাসিনা দেশে ফিরবেন।
তিনি বলেন, “সবকিছু বিবেচনা করলে আমার কমনসেন্স বলছে, তিনি ফিরে আসবেন। তাঁর বয়স হয়েছে, কিন্তু যদি তিনি দেশে না ফেরেন, তাহলে তাঁর দল ও দীর্ঘ রাজনৈতিক জীবনের ভবিষ্যৎ কী হবে; সেটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়।”
শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন, বর্তমান সময়ে শুধু টেলিভিশন চ্যানেলই গণমাধ্যম নয়; সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যে কেউ বক্তব্য শুনতে পারেন। তাই নিষেধাজ্ঞা দিয়ে কোনো বক্তব্য পুরোপুরি বন্ধ রাখা সম্ভব নয়।
তিনি আরও বলেন, “শেখ হাসিনার আমলে আদালতের আদেশে তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ছিল। সেটি যদি গণতন্ত্রের মানদণ্ড না হয়, তাহলে বর্তমান পরিস্থিতিকেও একই প্রশ্নের মুখে পড়তে হবে।”
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের বিষয়ে রুমিন ফারহানা বলেন, এসব ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতার ইঙ্গিত দেয়। পাশাপাশি সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর ছাত্রসংগঠনের ওপর নিয়ন্ত্রণের অভাবও এতে স্পষ্ট হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
সরাইল উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে তাঁকে প্রধান অতিথি করায় স্থানীয় বিএনপির বয়কটের বিষয়ে প্রশ্ন করা হলে রুমিন ফারহানা বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে বিষয়টি সবাইকে মেনে নিতে হবে।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির এনাম খাঁ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়াসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের সংবর্ধনা জানানো হয়।




























