রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
- সর্বশেষ আপডেট ১২:৪৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / 35
নাটোর ও রাজশাহীর বাস মালিক-শ্রমিকদের বিরোধকে কেন্দ্র করে রাজশাহী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে আন্তঃজেলা রুটের বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
সকালে রাজশাহী বাস টার্মিনালে গিয়ে অনেক যাত্রীকে বাসের অপেক্ষায় থাকতে দেখা যায়। তবে কখন থেকে বাস চলাচল স্বাভাবিক হবে, তা নিশ্চিত করে বলতে পারছেন না পরিবহন সংশ্লিষ্টরা।
পরিবহন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাজশাহী থেকে দর্শনার উদ্দেশে ছেড়ে যাওয়া ‘রাব্বি পরিবহন’-এর একটি বাস নাটোরে আটকে দেন স্থানীয় বাস মালিক-শ্রমিকরা। পরে ওই বাসের যাত্রীদের নামিয়ে ‘তুহিন পরিবহন’-এর একটি বাসে করে গন্তব্যে পাঠানো হয়।
নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ জানান, ‘রাব্বি পরিবহনের’ বাসটি কোনো অনুমতি ছাড়াই নাটোরে প্রবেশ করেছিল। এ কারণে স্থানীয় মালিক-শ্রমিকরা বাসটি রাজশাহীতে ফেরত পাঠান। এর পর নাটোরের ছয়-সাতটি বাস রাজশাহীতে আটকে দেওয়া হয়। এ ঘটনার পর নাটোর-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
পরে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন গ্রুপের পক্ষ থেকে নাটোরের ‘তুহিন পরিবহনের’ তিনটি বাস আটক করা হয়। নাটোরে আটক ‘রাব্বি পরিবহনের’ বাসটি ছেড়ে দেওয়ার পর রাজশাহীতে আটক তুহিন পরিবহনের বাসগুলোও ছেড়ে দেওয়া হয়।
তবে এরই মধ্যে বিরোধের জেরে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও সড়ক পরিবহন গ্রুপ রাজশাহী থেকে সব আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়।
বাস চলাচল বন্ধ থাকায় রাজশাহী থেকে নাটোর হয়ে রংপুর বিভাগের বিভিন্ন জেলা, ঢাকা ও দেশের অন্যান্য গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।
রংপুরগামী যাত্রী শাহানাজ বলেন, তিনি রংপুর যাওয়ার জন্য টার্মিনালে এসে অপেক্ষা করছেন। কাউন্টার থেকে কিছুক্ষণের মধ্যে বাস ছাড়ার কথা বলা হলেও এক ঘণ্টা পার হয়ে গেলেও বাস ছাড়েনি।
রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে বলে তিনি জানতে পেরেছেন। নাটোরের ওপর দিয়ে চলাচলকারী বাসগুলো বন্ধ রয়েছে। বিষয়টি জানতে তিনি বাস টার্মিনালে যাচ্ছেন।
তবে নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদের দাবি, ঢাকাগামী কোচগুলো স্বাভাবিকভাবে চলাচল করছে। তিনি দ্রুত বিরোধ মিটে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে বিরোধ নিরসনে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ ও নাটোরের পরিবহন মালিকপক্ষের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। আলোচনার মাধ্যমে দ্রুত বাস চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. গাজিউর রহমান বলেন, বিষয়টি নিয়ে উভয় পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক রয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী জানান, বাস মালিক ও শ্রমিকদের মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে আগে থেকেই বিরোধ রয়েছে। সেটি সমাধানের চেষ্টা চলছে। তবে হঠাৎ বাস চলাচল বন্ধের কারণ তিনি এখনো জানেন না। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।





























