মুন্সীগঞ্জে ভিমরুলের কামড়ে প্রাণ গেল ৪ বছরের শিশুর
- সর্বশেষ আপডেট ০৬:৫৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / 75
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ভিমরুলের কামড়ে রাফসান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) দুপুরে উপজেলার ইছাপুরা ইউনিয়নের উত্তর কুসুমপুর গ্রামের চৌকিদারপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রাফসান ওই এলাকার বাসিন্দা আরশাদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের উঠানে খেলছিল রাফসান। এ সময় সে একটি পাতাযুক্ত ডাল টান দিলে ঝোপের মধ্যে থাকা ভিমরুলের চাকে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে চাক থেকে বেরিয়ে আসা ভিমরুলের ঝাঁক শিশুটির ওপর আক্রমণ করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে হুল ফোটে এবং চোখ-মুখ ফুলে গিয়ে সে অচেতন হয়ে পড়ে।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাবিনা জানান, শিশুটিকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিমরুলের কামড়ে শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।




























