শেখ হাসিনার ফেরা ও সরকারের বক্তব্যে অসংগতি

- সর্বশেষ আপডেট ০৯:৫৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / 95
দেশ না থেকেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন মাধ্যমে তাঁর উপস্থিতি জানান দিচ্ছেন বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে ৭১ বিধিতে দেওয়া নোটিশের ওপর বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন এবং শেখ হাসিনাকে দেশে ফেরানো ও তাঁর পাসপোর্ট-এনআইডি সংক্রান্ত বিষয়ে সরকারের বিভিন্ন মন্ত্রীর বক্তব্যের মধ্যে পরস্পরবিরোধিতা রয়েছে বলে অভিযোগ করেন।
সংসদে রুমিন ফারহানা বলেন, বাংলা সাহিত্যের বিখ্যাত উক্তি ‘কাদম্বরী মরিয়া প্রমাণ করিয়াছিলেন যে তিনি মরেন নাই’, ঠিক তেমনিভাবে শেখ হাসিনা দেশে উপস্থিত না থেকেও বিভিন্ন মাধ্যমে তাঁর উপস্থিতি জানান দিচ্ছেন। গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাকে এর সর্বশেষ উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ও তাঁর নথিপত্র নিয়ে সরকারের বিভিন্ন পর্যায় থেকে দেওয়া বক্তব্যের অসংগতি তুলে ধরে এই সংসদ সদস্য বলেন:
উপদেষ্টার বক্তব্য: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান গত ৯ নভেম্বর বলেছেন, সরকার শেখ হাসিনার দেশে ফেরা ঠেকাতে চায় না। তিনি তাঁর পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষেও মত দিয়েছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য: অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির গত ৯ নভেম্বর বলেছেন, কোনো সন্ত্রাসীকে বাংলাদেশ পাসপোর্ট দেবে না। শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস বা নতুন এনআইডি দেওয়া হবে না এবং আবেদনটিকে তিনি হাস্যকর বলে প্রত্যাখ্যান করেছেন। আবার বন্দি বিনিময় চুক্তির আওতায় তাঁকে ফিরিয়ে আনার কথাও বলা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য: গত ৯ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পাসপোর্ট ও এনআইডির আবেদনের সত্যতা তিনি এখনো যাচাই করতে পারেননি। আবেদনের আইনগত ভিত্তি দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এবং প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতের কাছে চিঠি পাঠানো হবে।
আইনমন্ত্রীর বক্তব্য: আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান (৮ ও ১৪ নভেম্বর) বলেছেন, শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সরকার সম্পন্ন করেছে, এখন সিদ্ধান্ত ভারতের। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে তাঁর আপিলের সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেছেন।
সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তির এসব বক্তব্যের মধ্যে কোনো সমন্বয় নেই উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, একেক মন্ত্রী একেক রকম কথা বলছেন; কেউ নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বলছেন, কেউ পাসপোর্ট না দেওয়ার কথা বলছেন, আবার কেউ আবেদন যাচাই না করার কথা বলছেন।
সরকারের বিভিন্ন পর্যায়ের এসব বক্তব্যের মধ্যকার সমন্বয়হীনতার বিষয়টি তুলে ধরে বক্তব্য অব্যাহত রাখার একপর্যায়ে রুমিন ফারহানার মাইক বন্ধ করে দেওয়া হয়।































