ঝিলবুনিয়ায় বার্ষিক মাহফিল ঘিরে প্রস্তুতি

- সর্বশেষ আপডেট ০৫:৩৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / 84
বাগেরহাটের মোড়েলগঞ্জে ঝিলবুনিয়া দরবার শরীফে মরহুম পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ সুফী মুহাম্মাদ আব্দুর রহমান খাঁনের (রহ.) স্মরণে শুরু হচ্ছে ৫৬তম বার্ষিক ঈছালে ছওয়াব ও ওয়াজ মাহফিল। আগামী শুক্রবার (২০ নভেম্বর) থেকে তিন দিনব্যাপী এ ধর্মীয় আয়োজন শুরু হবে। মাহফিলের সার্বিক পরিচালনায় থাকবেন দরবার শরীফের বর্তমান গদ্দীনশীন পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ সুফী আবু জাফর মুহাম্মাদ আলী ওসমান খাঁন।
মাহফিলের প্রথম দিন শুক্রবার প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হাবিবুল্লাহ আবাদ আলিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক হযরত মাওলানা মো. আব্দুর রাকিব। বিশেষ বক্তা থাকবেন শরীয়তপুরের কাশিপুর নেছারিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
দ্বিতীয় দিন শনিবার (২১ নভেম্বর) প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবেন গাজীপুর দরবার শরীফের পীর সাহেবের নাতি ও গাজীপুর নেছারিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা মো. শামছুল হক। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাগেরহাটের কচুয়া উপজেলার চর সোনাকুর আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ হযরত মাওলানা মো. রফিকুল ইসলাম।
মাহফিলের শেষ দিন রোববার (২২ নভেম্বর) প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ফুরফুরা শরীফের পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ ফতেহ আলী মোহাম্মদ আয়াতুল্লাহ সিদ্দিকী আল কোরাইশী। এদিন প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন ও মিডিয়া ব্যক্তিত্ব এবং তাহ্ফিজুল ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা এস এম নাঈমুল ইসলাম নাঈম। বিশেষ বক্তা থাকবেন ঝিলবুনিয়া দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব হযরত মাওলানা আবুল হোসাইন মুহাম্মাদ বাকী বিল্লাহ খাঁন।
এ ছাড়া মাহফিলে দেশের বিভিন্ন এলাকার বিশিষ্ট ওলামায়ে কেরাম উপস্থিত থেকে ওয়াজ ও নসিহত করবেন বলে দরবার শরীফ সূত্রে জানা গেছে।
দরবার শরীফ সূত্র জানায়, সোমবার (২৩ নভেম্বর) বাদ ইশরাক আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন দরবার শরীফের বর্তমান গদ্দীনশীন পীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ সুফী আবু জাফর মুহাম্মাদ আলী ওসমান খাঁন।
































