নুসরাতের বাড়ির আগুনের উত্তাপ সংসদে

- সর্বশেষ আপডেট ০৮:৫৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
- / 89
রোববার (১৫ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে নুসরাত এ ক্ষোভ প্রকাশ করেন। পরে তাঁর বক্তব্যের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
নিজ বাড়িতে আগুন দেওয়ার ঘটনার বর্ণনা দিয়ে নুসরাত বলেন, সিসিটিভি ফুটেজে বিস্ফোরণের মতো আলো ছড়িয়ে পড়া এবং একই সময়ে বাড়ির বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখা গেছে। আগুনের ধোঁয়ায় নারী ও শিশুরা ঘর থেকে বেরিয়ে আসেন। কেউ কেউ অসুস্থ হয়ে পড়েন। ফুটেজে দেয়ালের লাইট জ্বলতেও দেখা গেছে।
নুসরাত বলেন, এসব দৃশ্য গণমাধ্যম ও তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে থাকার পরও সংসদে আগুনের কারণ হিসেবে শর্ট সার্কিটের কথা বলা হয়েছে। বাড়িটিকে পরিত্যক্ত বলেও উল্লেখ করা হয়েছে। অথচ বাড়িটি পরিত্যক্ত ছিল না। আর পরিত্যক্ত হলেও সেখানে আগুন দেওয়ার বৈধতা তৈরি হয় না।
তদন্ত শেষ হওয়ার আগে দায়িত্বশীল ব্যক্তিদের এমন মন্তব্য করা উচিত নয় উল্লেখ করে তিনি বলেন, এসব বক্তব্য তদন্তের ওপর প্রভাব ফেলতে পারে। অধস্তন কর্মকর্তারা ঊর্ধ্বতনদের বক্তব্যের সঙ্গে মিল রেখে প্রতিবেদন তৈরি করলে প্রকৃত অপরাধীরা দায়মুক্তি পেয়ে যেতে পারে।
অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে দায় স্বীকার এবং তাঁকে হত্যার হুমকি দেওয়ার বিষয়টিও সংসদে তুলে ধরেন নুসরাত। তাঁকে হুমকি দিয়ে বলা হয়েছে, ‘লাশ রাতে নিয়ে যাওয়া হবে’। দিনের বেলায় ককটেল হামলার ঘটনাকে রাতের ঘটনা হিসেবে উপস্থাপনের চেষ্টাও চলছে বলে অভিযোগ করেন তিনি।
এ সময় গোপালগঞ্জে বিএনপি, ছাত্রদল ও যুবদলের কার্যালয়ে অগ্নিসংযোগের প্রসঙ্গ তুলে নুসরাত বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারিতে থাকা ব্যক্তিরা এখন লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন। এনসিপি ও বিএনপির নেতাকর্মীদের প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। রাজনৈতিক পরিচয় কিংবা ভিন্নমতের কারণে কারও ওপর হামলা হলে তার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, গত ১১ নভেম্বর দিবাগত রাত ১২টা ২০ মিনিটে কুষ্টিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরদিন সংসদে বিষয়টি উত্থাপিত হলে তিনি তথ্যের ভিত্তিতে বক্তব্য দিয়েছিলেন। তবে পেট্রোল বোমা ব্যবহার বা বাড়ি থেকে কেউ বের হতে পারেননি; এমন কোনো চূড়ান্ত মন্তব্য তিনি করেননি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনার দিন সকালে ফায়ার সার্ভিসের মহাপরিচালক, বিজিবির মহাপরিচালক, পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেন তিনি। পরে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালককে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা রয়েছেন।
আগুনের কারণ সম্পর্কে তিনি বলেন, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে; এটি ছিল প্রাথমিক ধারণা। ঘটনাস্থলে তখন পেট্রোল বোমার কোনো আলামত পাওয়া যায়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আগুনের প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
তদন্ত প্রভাবিত করার অভিযোগ নাকচ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি বা সংসদের কোনো সদস্য তদন্ত প্রভাবিত করার উদ্দেশ্যে বক্তব্য দেন না। কোনো সংসদ সদস্যের ওপর আক্রমণ কিংবা কারও জানমালের ক্ষতির ঘটনা অত্যন্ত কঠোরভাবে দেখা উচিত।
এ সময় নুসরাতের বক্তব্য থেকে ‘প্রভাবিত’ করতে পারে শব্দটি এক্সপাঞ্জ করার আহ্বান জানান তিনি।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, কোনো সংসদ সদস্যের মনে তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। এটি অসংসদীয় বক্তব্য নয়। স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু তদন্তের ব্যবস্থা নিয়েছেন, তাই তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করা উচিত। একই সঙ্গে নুসরাতকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।































