বিআরটিএ-তে ইকবালের দাপট, সম্পদ নিয়ে প্রশ্ন

- সর্বশেষ আপডেট ১০:৩৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 318
অভিযোগের পর অভিযোগ। দুর্নীতির দায়ে সাময়িক বরখাস্তও হয়েছিলেন। কিন্তু চাকরিতে পুনর্বহালের পরও থামেনি বিতর্ক। বরং কর্মস্থল বদলালেও বদলায়নি তাঁর বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ। এবার নিয়োগ বাণিজ্য, দালাল সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম মেট্রো-২ সার্কেলের পরিদর্শক ইকবাল আহামদের বিরুদ্ধে।
গত ২৫ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব বরাবর এসব অভিযোগ তুলে লিখিত আবেদন করেছেন দক্ষিণ যাত্রাবাড়ীর বাসিন্দা ফিরোজ কবির। অভিযোগে ইকবালের বিভিন্ন কর্মস্থলে অনিয়ম, প্রভাব বিস্তার এবং বিপুল সম্পদ অর্জনের বিবরণ তুলে ধরে তদন্তের দাবি জানানো হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ইকবাল আহামদ এর আগে সাভার, ঢাকার ইকুরিয়া ও বরিশালে কর্মরত ছিলেন। এসব কর্মস্থলে তাঁর বিরুদ্ধে দালাল সিন্ডিকেট গড়ে তুলে গ্রাহক হয়রানি এবং বিভিন্ন সেবা পেতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। বিশেষ করে যানবাহনের নিবন্ধন, ফিটনেস সনদ, মালিকানা পরিবর্তন ও অন্যান্য নথি সংক্রান্ত কাজে দালালদের মাধ্যমে অর্থ লেনদেনের অভিযোগ।
২০২৩ সালে বরিশাল বিআরটিএ কার্যালয়ে সহকারী পরিচালক শাহ আলম ও রেকর্ড কিপার আব্দুর রাজ্জাকের যোগসাজশে ২৫৫টি গাড়ির অবৈধ নিবন্ধন দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এ ঘটনায় ছয় মাসের জন্য সাময়িক বরখাস্তও হয়েছিলেন ইকবাল। পরবর্তী সময়ে তদবিরের মাধ্যমে চাকরিতে পুনর্বহাল হন বলে অভিযোগকারীর দাবি।
ইকবালের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগও তুলেছেন ফিরোজ কবির। অভিযোগে বলা হয়েছে, প্রভাব খাটিয়ে নিজের ছোট ভাই, সাইফুল নামের এক পরিচিত ব্যক্তিসহ একাধিক ব্যক্তিকে বিআরটিএতে চাকরি পাইয়ে দিয়েছেন তিনি। বিনিময়ে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগও রয়েছে।
অভিযোগ অনুযায়ী, ইকবালের ছোট ভাই মাহবুব কামাল বিআরটিএ মানিকগঞ্জ জেলা কার্যালয়ে সহকারী পরিচালক হিসেবে কর্মরত। এ ছাড়া তাঁর বেয়াই নূর মোহাম্মদ ও দুলাভাইসহ একাধিক স্বজন বিআরটিএতে চাকরি করছেন। একই প্রতিষ্ঠানে স্বজনদের এমন অবস্থান কাজে লাগিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
অভিযোগের সবচেয়ে আলোচিত অংশ তাঁর বিপুল সম্পদ। অভিযোগকারীর দাবি, সাভারের ব্যাংক কলোনি এলাকায় ইকবাল গড়ে তুলেছেন রাজপ্রাসাদসদৃশ বাড়ি। বাড়িটির দরজা তৈরিতেই লাখ লাখ টাকা ব্যয় হয়েছে বলে অভিযোগ রয়েছে। মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার গ্রামের বাড়িতে মেয়ে ইরিনা ও এলিনার নামে রিসোর্টের আদলে গড়ে তুলেছেন সুরক্ষিত খামারবাড়ি ও ডেইরি ফার্ম।
এ ছাড়া অর্ধকোটি টাকা মূল্যের বিলাসবহুল গাড়ি ব্যবহার এবং স্ত্রী আর্জিনা বেগমের নামে বিপুল সম্পদ গড়ার অভিযোগও রয়েছে। তাঁর শ্বশুরবাড়িতে বহুতল ভবন নির্মাণের কাজ চলছে বলেও অভিযোগকারীর দাবি। স্ত্রী সাভার পৌরসভা নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে ইকবাল আহামদের সোথে কয়েক দফা যোগাযোগ করেও তার বক্তব্য জানা যায়নি।
অভিযোগের বিষয়ে চট্টগ্রাম মেট্রো-২ সার্কেলের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ সানাউল হক বাংলা অ্যাফেয়ার্সকে জানান, তার কাছে কোন অভিযোগ নেই। অভিযোগ পেলে তদন্ত করবেন।




































