ময়লার স্তূপ আর গর্তে বিপর্যস্ত মদনপুর মহাসড়ক
- সর্বশেষ আপডেট ০৭:৩৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / 125
নরসিংদীর গুরুত্বপূর্ণ মদনপুর আঞ্চলিক মহাসড়ক একদিকে ময়লার স্তূপ, অন্যদিকে খানাখন্দে পরিণত হয়েছে মৃত্যুফাঁদে। দীর্ঘদিনের এই দুর্ভোগে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী, চালক, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দা।
শিল্প ও বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই জেলার প্রবেশপথ হিসেবে পরিচিত সড়কটির দুই পাশে দিনের পর দিন জমছে ময়লা-আবর্জনা। কোথাও তৈরি হয়েছে বড় বড় বর্জ্যের স্তূপ, আবার কোথাও ভাঙাচোরা সড়কে জমে থাকা পানি ও কাদায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি।
স্থানীয়দের অভিযোগ, নরসিংদী পৌর এলাকার বিভিন্ন স্থান থেকে আনা বর্জ্য দীর্ঘদিন ধরে সড়কের পাশে ফেলা হচ্ছে। এতে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে, বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যঝুঁকি। পথচারীদের অনেক সময় নাক-মুখ চেপে চলাচল করতে হচ্ছে।
সড়কের বিভিন্ন অংশে তৈরি হয়েছে অসংখ্য গর্ত। বৃষ্টির সময় এসব গর্তে পানি জমে গেলে যানবাহন চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে মোটরসাইকেল, রিকশা ও পণ্যবাহী যানবাহন চালকরা প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন।
টেক্সটাইল ব্যবসায়ীরা জানান, সড়কের গর্ত ও ময়লা পানির কারণে পণ্য পরিবহনে সমস্যা হচ্ছে। কখনো গাড়ি উল্টে কাপড় নষ্ট হয়ে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের।
নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী জামিল মিয়া বলেন, প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করতে হয়। দুর্গন্ধের কারণে নাক-মুখ চেপে যেতে হয়, পরিস্থিতি খুবই কষ্টকর।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক হলধর দাস বলেন, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের অবস্থা খারাপ হয়েছে। বর্ষায় কাদা-পানি আর শুষ্ক মৌসুমে ধুলাবালিতে মানুষের দুর্ভোগ বাড়ছে।
নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া জানান, বর্জ্য ব্যবস্থাপনার সংকট সমাধানে কাজ চলছে। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট নির্মাণের কাজ চলমান রয়েছে। পাশাপাশি সড়কটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজা-ই-রাব্বি বলেন, সড়কের পাশে ময়লা ফেলার কারণে পানি জমে রাস্তার ক্ষতি হয়েছে। দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

































