গণমাধ্যমের নামে পরীমনি-আসিফকে নিয়ে ভুয়া সংবাদ

- সর্বশেষ আপডেট ০১:৩৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / 431
জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রিন্ট সংস্করণের নামে চিত্রনায়িকা পরীমনি ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদকে নিয়ে একটি ভুয়া সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রচারিত ছবিতে দাবি করা হয়েছে, আসিফ মাহমুদ উপদেষ্টা থাকাকালে পরীমনিকে ‘নক’ করেছিলেন এবং তাকে নিয়ে দেশের বাইরে ঘুরতে যেতে চেয়েছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে সংবাদের শিরোনাম হিসেবে লেখা হয়েছে, ‘আসিফ মাহমুদ আমাকে নক করেছিলেন, তখন তিনি উপদেষ্টা ছিলেন, এবং আমাকে নিয়ে দেশের বাইরে ঘুরতে চেয়েছিলেন, আমি বিষয়টিকে গুরুত্ব দেইনি।’ প্রতিবেদনে এটিকে বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদকের সংবাদ হিসেবে দেখানো হয়েছে।
তবে অনুসন্ধানে পরীমনি প্রকাশ্যে এমন কোনো মন্তব্য করেছেন; এমন নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলোতেও এ ধরনের বক্তব্যের কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ছাড়া বাংলাদেশ প্রতিদিনের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজেও এ বিষয়ে কোনো প্রতিবেদন বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। ফলে প্রচারিত ছবিতে ব্যবহৃত সংবাদটির উৎস নিয়েও প্রশ্ন উঠেছে।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি বিভিন্ন এআই ডিটেকশন টুলে যাচাই করা হয়। এতে ছবিটিকে এআই দিয়ে তৈরি করা হয়েছে বলে শনাক্ত করা হয়েছে।
অর্থাৎ, বাংলাদেশ প্রতিদিনের প্রিন্ট সংস্করণে পরীমনি ও আসিফ মাহমুদকে নিয়ে এমন কোনো সংবাদ প্রকাশিত হয়েছে; এমন প্রমাণ পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সংবাদপত্রের ছবিটিও বাস্তব নয়; এটি এআই-নির্মিত বলে যাচাইয়ে উঠে এসেছে।





























