মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ায় হাসনাত-এনসিপির বিরুদ্ধে বিক্ষোভ
- সর্বশেষ আপডেট ১২:০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / 21
জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এ সময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও হাসনাত আব্দুল্লাহকে বয়কটের ঘোষণা দেন বিক্ষোভকারীরা।
শুক্রবার (২৮ আগস্ট) মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়া শহরে এ কর্মসূচি পালন করে ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে শহরের জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সামনে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করেন কওমি ছাত্র ঐক্যের নেতাকর্মীরা। পরে সেখান থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা এনসিপি ও হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশ থেকে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে শনিবার (২৯ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠেয় এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা প্রতিহতের ঘোষণাও দেন আন্দোলনকারীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আলেম-উলামা বা ‘হুজুরদের’ দোষারোপের পুরোনো সংস্কৃতির পুনরাবৃত্তি তারা দেখতে চান না। আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন ঘটনায় যেভাবে আলেমদের দায়ী করা হতো, বর্তমানেও যেন একই ধরনের প্রবণতা ফিরে না আসে; এমন দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, পুলিশ লাইনে উচ্চ শব্দে গান-বাজনাকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনাকে ঘিরে মিথ্যাচার যেমন গ্রহণযোগ্য নয়, তেমনি নৌকাবাইচ বন্ধের ঘটনায় সংসদে হাসনাত আব্দুল্লাহ যেভাবে তাওহিদি জনতাকে দায়ী করেছেন, সেটিও তারা সমর্থন করেন না।
তাদের দাবি, নৌকাবাইচ বন্ধের বিষয়ে স্থানীয় কৃষকেরা জমির ফসল নষ্ট হওয়ার আশঙ্কার কথা জানিয়েছিলেন। অথচ ঘটনাটির দায় আলেম-উলামা বা তাওহিদি জনতার ওপর চাপানো হয়েছে বলে অভিযোগ করেন তারা।
বিক্ষোভকারীরা বলেন, জুলাই আন্দোলনের সহযোদ্ধাদের সঙ্গে তারা কোনো সংঘাতে যেতে চান না। তারা ঐক্য ও সম্প্রীতির পক্ষে। তবে আলেম-উলামা ও তাওহিদি জনতাকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়ে থাকলে হাসনাত আব্দুল্লাহকে দুঃখ প্রকাশ করে বক্তব্যটি পরিষ্কার করার আহ্বান জানান তারা।
তাদের ভাষ্য, জুলাই আন্দোলনের শক্তির মধ্যে ঐক্য প্রয়োজন, সংঘাত নয়। একই সঙ্গে ইসলাম ও আলেম-উলামাকে অন্যায়ভাবে দোষারোপের কোনো প্রবণতার সঙ্গে আপস করা হবে না।
এদিকে শনিবার বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা হওয়ার কথা রয়েছে। এতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেওয়ার কথা রয়েছে।
































