শেরপুরে পাসপোর্ট এডির সরকারি বাসায় মধ্যরাতে নারী

- সর্বশেষ আপডেট ০৩:২৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / 294
শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীর সরকারি বাসভবনে গভীর রাতে এক নারীর অবস্থানকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ সেখানে গিয়ে সহকারী পরিচালক ও ওই নারীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত ২টার দিকে শেরপুর পৌরসভার নবীনগর নয়াপাড়া এলাকায় পাসপোর্ট অফিস ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাত ১০টার দিকে ওই ভবনের তৃতীয় তলায় সহকারী পরিচালকের সরকারি বাসভবনে এক অপরিচিত নারীকে প্রবেশ করতে দেখা যায়। গভীর রাত পর্যন্ত ওই নারী বাসভবন থেকে বের না হওয়ায় স্থানীয়দের মধ্যে কৌতূহল ও সন্দেহ তৈরি হয়। পরে তারা পুলিশকে বিষয়টি জানান।
খবর পেয়ে শেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে সহকারী পরিচালক রুস্তম আলী ও ওই নারীকে বাসভবন থেকে থানায় নিয়ে যাওয়া হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি যাচাই ও দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই নারী সহকারী পরিচালক রুস্তম আলীর দূরসম্পর্কের শালী। তার বাড়ি কুষ্টিয়ার মিরপুর এলাকায়। পুলিশ প্রাথমিকভাবে তার নাম ওজিলা বলে জানিয়েছে।
ওসি সোহেল রানা বলেন, সরকারি একটি প্রতিষ্ঠানের ভবনে গভীর রাতে লোকজনের উপস্থিতির বিষয়টি জানার পর নিরাপত্তার দিক বিবেচনা করে তাদের থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদ শেষে বিষয়টি আরও পরিষ্কার হবে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি এবং কোনো অপরাধের অভিযোগও পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

































