তীব্র ভোগান্তি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট
- সর্বশেষ আপডেট ১২:২২:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / 15
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ পর্যন্ত ঢাকামুখী লেনে এ যানজট ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর থেকে শনিবার সকাল পর্যন্ত যানজট থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
সড়ক বিভাগ ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজের ঢাকামুখী লেনে সংস্কারকাজ চলায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ব্রিজের একটি অংশে বড় গর্ত তৈরি হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় শুক্রবার বেলা ১১টার দিকে সংস্কারকাজ শুরু করে সড়ক বিভাগ। কাজ চলাকালে মহাসড়কের ঢাকামুখী দুই লেনের একটি বন্ধ রেখে অন্য লেন দিয়ে যানবাহন চলাচল করানো হয়।
এতে ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়তে থাকে। পরে অতিরিক্ত যানবাহন এক লেন দিয়ে চলাচল করতে গিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। একপর্যায়ে যানজট আষাড়িয়ারচর থেকে কুমিল্লার চান্দিনা পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে যায়।
দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় সাধারণ যাত্রীদের পাশাপাশি বিদেশগামী যাত্রীরাও বিপাকে পড়েছেন। অনেক বাস ও ব্যক্তিগত গাড়ি ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে রয়েছে।
স্টার লাইন পরিবহনের চালক ইয়াহিয়া বলেন, শুক্রবার মধ্যরাত থেকে যানজটে আটকে আছেন। দীর্ঘ সময় ধরে যানবাহন চলাচল না করায় যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
সেন্টমার্টিন পরিবহনের চালক হুমায়ুন আজাদ বলেন, কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার যানজট তৈরি হয়েছে। তিনি প্রায় আট ঘণ্টা ধরে যানজটে আটকে আছেন।
মহাসড়কের টোলপ্লাজায় আটকে থাকা মাহাবুব নামে এক বাসযাত্রী বলেন, ঘণ্টার পর ঘণ্টা ধরে একই জায়গায় আটকে থাকতে হচ্ছে। এত দীর্ঘ যানজটের কারণও অনেক যাত্রী জানেন না।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস রায় বলেন, দাউদকান্দি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যানজটের অন্যতম কারণ আষাড়িয়ারচর ব্রিজ এলাকায় সড়ক সংস্কারকাজ। একটি লেন বন্ধ থাকায় যানবাহনের চাপ বেড়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি সফিউল ইসলাম বলেন, আষাড়িয়ারচর এলাকায় মহাসড়কের একটি লেনে জরুরি সংস্কারকাজ চলছে। এ কারণে পর্যায়ক্রমে এক লেন দিয়ে যানবাহন চলাচল করানো হচ্ছে। এতে ওই এলাকায় যানজট তৈরি হয়েছে।
তিনি জানান, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের একাধিক দল নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছে।





























