সেই তরুণীকে থানায় ডেকেছে পুলিশ
- সর্বশেষ আপডেট ০১:৩০:১০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / 6
মধ্যরাতে মোটরসাইকেলে অচেতন অবস্থায় এক তরুণীকে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) টঙ্গী থানায় ওই তরুণী, তার বোন ও দুলাভাই উপস্থিত হয়েছেন।
এর আগে অনুসন্ধানে জানা যায়, উত্তরার একটি বারে মদপানের পর অসুস্থ হয়ে পড়েছিলেন ২৬ বছর বয়সী ওই তরুণী। পরে দুই যুবক তাকে মোটরসাইকেলে করে নিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে।
বুধবার (২৬ আগস্ট) রাত আনুমানিক ৩টা ১৫ থেকে ৩টা ২০ মিনিটের দিকে আব্দুল্লাহপুর থেকে টঙ্গীর সড়কে ওই তরুণীকে দুই যুবকের সঙ্গে একটি মোটরসাইকেলে দেখা যায়। ওমরাহ শেষে বগুড়ায় ফেরার পথে মুফতি মনোয়ার হোসেন নামে এক ব্যক্তি মোটরসাইকেলটিকে অনুসরণ করছিলেন।
তার ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলের পেছনে থাকা এক যুবক তরুণীকে জাপটে ধরে রেখেছিলেন। তরুণীর পা দুটি খালি এবং অস্বাভাবিকভাবে ঝুলে থাকায় তিনি সন্দেহ করেন, তরুণীটি অচেতন কিংবা অন্য কোনো সমস্যায় ছিলেন কি না।
ঘটনার পর মোটরসাইকেল ও এতে থাকা ব্যক্তিদের পরিচয় জানতে অনুসন্ধান চালানো হয়। নম্বর প্লেটের তথ্যের ভিত্তিতে জানা যায়, মোটরসাইকেলটির মালিকের বাড়ি কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায়। এ ঘটনায় দুটি মোবাইল নম্বরের তথ্যও পাওয়া যায়। এর মধ্যে একটি নম্বরের শেষ তিন অঙ্ক ১৫২।
তবে ওই নম্বরের মালিক এক শোরুম ব্যবসায়ী দাবি করেন, মোটরসাইকেলটি তার শোরুম থেকে বিক্রি হয়নি। কীভাবে তার নম্বরের সঙ্গে মোটরসাইকেলটির তথ্য যুক্ত হলো, সে বিষয়ে তিনি কিছু জানেন না। অন্য একটি নম্বর দীর্ঘ সময় ধরে বন্ধ পাওয়া যায়।
অনুসন্ধানে আরও জানা যায়, মোটরসাইকেলটির মালিকের বাড়ি আব্দুল্লাহপুর হলেও চালকের বাড়ি রাজেন্দ্রপুর। তার নামের শেষাংশ ‘আলম’ বলে জানা গেছে।
এদিকে তরুণীর বড় বোনের স্বামী দাবি করেন, ওই তরুণীকে তিনি ‘মিতু’ (ছদ্মনাম) নামে চেনেন। তার ভাষ্য, মিতু আগে কখনো মদপান করেননি। সেদিন পারিবারিক বিরোধের পর রাগ করে তিনি বাসা থেকে বেরিয়ে যান। পরে ওই যুবকের সঙ্গে মদপান করার পর অসুস্থ হয়ে পড়লে তারা তাকে বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেন।
তিনি বলেন, আলম ও তার এক বন্ধু প্রথমে তরুণীকে টঙ্গীতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে তার শারীরিক অবস্থার কারণে শেষ পর্যন্ত তারা মিরপুরে ফিরে যান। সেখানে এক বান্ধবীর বাসায় তরুণীকে রেখে আলম তার বোনকে ফোন করেন।
ওই তরুণীর সঙ্গে আলমের বিয়ের কথা চলছে বলেও দাবি করেন তার বোনের স্বামী। তবে বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
জানা গেছে, তরুণীর আগে দুটি বিয়ে হয়েছিল। তার সাবেক এক স্বামী তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেছেন। তবে এসব অভিযোগের সত্যতা এখনো যাচাই করা সম্ভব হয়নি।
শুক্রবার (২৮ আগস্ট) তরুণীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বেশি সময় কথা বলতে চাননি। বর্তমানে ভালো আছেন জানিয়ে পরে সরাসরি দেখা করে বিস্তারিত বলবেন বলে ফোন রেখে দেন।
এদিকে ঘটনার প্রকৃত কারণ এবং তরুণী কীভাবে ওই অবস্থায় রাস্তায় এসেছিলেন, তা জানতে পুলিশ তাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করছে।




























