ছয় বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ০৫:১৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / 30
রাজধানীর শাহ আলী থানা এলাকায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সুমন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটির মায়ের করা মামলার পর অভিযান চালিয়ে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৮ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে শাহ আলী থানার রয়েল সিটি পকেট গেটসংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর শিশুটির প্রস্রাবের সময় জ্বালাপোড়া হলে তার মা তাকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে ধারণা করেন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
পরে শিশুটির মা এ বিষয়ে জানতে চাইলে শিশু জানায়, পাশের বাসার ভাড়াটিয়া সুমন তাকে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করেছে। এ ঘটনায় শিশুটির মা বৃহস্পতিবার (২৭ আগস্ট) শাহ আলী থানায় মামলা করেন।
মামলার এজাহারের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে শাহ আলী থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সুমনকে তার বাসা থেকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।





























